আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতিমন্ত্রী অমিত

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার, যশোর

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা করেনি। তেলের দাম বৃদ্ধি পেলে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের খরচ বেড়ে যায়, যা সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে। এ কারণে সরকার জনগণের স্বার্থে মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ কমাতে প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে। বিশ্বের বহু দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশে তা বাড়ানো হয়নি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে।

জ্বালানি সরবরাহ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশে জ্বালানির চাহিদা পূরণে সরকার সক্ষম হয়েছে এবং আগামী এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেখানে আগে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা ছিল, সেখানে বর্তমানে ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার কাজও শুরু হয়েছে।

সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকার কাজ করছে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উপকারভোগী বাছাইয়ে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় যেন প্রাধান্য না পায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে এবং পহেলা বৈশাখে কৃষক কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন