ভরা মৌসুমে খাদ্যশস্য ও রবি ফসলের বদলে ঝিনাইদহ জেলা জুড়ে উর্বর কৃষি জমিতে ক্ষতিকর তামাক চাষের ব্যাপক তোড়জোড় চলছে। সরকারিভাবে তামাক চাষে কোনো সার বরাদ্দ না থাকলেও অসাধু ডিলারদের যোগসাজশে সাধারণ কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার চলে যাচ্ছে তামাক চাষিদের ক্ষেতে।
এতে একদিকে যেমন পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে অন্যদিকে ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম বিপাকে পড়েছেন মৌসুমি ফসলের প্রান্তিক কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিআইসির সার ডিলারদের একটি অসাধু চক্র প্রকৃত চাষিদের বঞ্চিত করে রাতের আঁধারে চড়া দামে তামাক চাষিদের কাছে সার বিক্রি করছে। অভিযোগ রয়েছে, তামাক কোম্পানিগুলোর গোপন সুবিধা ও নগদ অর্থের প্রলোভনে মাঠপর্যায়ের কিছু কৃষি কর্মকর্তাও বিষয়টি দেখেও না দেখার ভান করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জেলায় তামাক চাষ কমার বদলে ক্রমাগত বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে ১৬০ হেক্টর জমিতে তামাক চাষ হলেও ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ২৫১ হেক্টরে দাঁড়ায়। এরপর ২০২৩-২৪ অর্থবছরে ১৯৩ হেক্টর এবং ২০২৪-২৫ অর্থবছরে ২২৪ হেক্টর (অন্য সূত্রে ২২৯ হেক্টর) জমিতে তামাক আবাদ হয়। যার মধ্যে শুধু মহেশপুর উপজেলাতেই ছিল সর্বোচ্চ ৮৪ হেক্টর।
কৃষি বিভাগের আশঙ্কা, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এই আবাদ ৩০০ হেক্টরের কাছাকাছি পৌঁছাতে পারে।
সরেজমিনে দেখা গেছে, মাঠে তামাকের চারা রোপণ পুরোদমে শুরু হওয়ার আগেই মহেশপুর, ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামে আগাম ইউরিয়া ও টিএসপি সার মজুত শুরু হয়েছে। সদর উপজেলার উদয়পুর, পোড়াহাটি ও দৌগাছী, শৈলকুপার আবাইপুর, হাটফাজিলপুর, কৃপালপুর, বকশিপুর, ফলিয়া ও ফুলহরি এবং হরিণাকুণ্ডুর শ্রীফলতলা, বিন্নী, মান্দারবাড়িয়া, দুর্লভপুর, বাসুদেবপুর, চাঁদপুর, কন্যাদহ ও বড়ভাদড়া এলাকায় ব্যাপক হারে সার মজুতের খবর পাওয়া গেছে।
পবহাটি গ্রামের আলমসাধুচালক আলমগীর মোল্লা জানান, ডিলার পয়েন্ট থেকে বস্তাভর্তি সার নিয়ে তিনি নিয়মিত তামাক চাষিদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
পোড়াহাটি ইউনিয়নের কৃষক বশির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিলারদের কারসাজিতে রাতের আঁধারে বেশি দামে সার তামাক চাষিদের হাতে চলে যাচ্ছে। ফলে আমরা সাধারণ ফসল ফলানোর জন্য সার পাচ্ছি না।
তবে দোগাছী ইউনিয়নের সার ডিলার উজ্জ্বল হোসেনের দাবি, কৃষকরা ভুট্টা বা অন্য ফসলের কথা বলে সার নিয়ে গেলে তা যাচাইবাছাই করার সুযোগ থাকে না।
অন্যদিকে, কেন তামাক চাষে ঝুঁকছেন—এমন প্রশ্নের জবাবে উদয়পুরের তামাক চাষি সাইফুল হোসেন ও শৈলকুপার বরকত আলী জানান, অন্য ফসলে ন্যায্য দাম পাওয়া যায় না। কিন্তু তামাক কোম্পানিগুলো চাষের শুরুতেই নগদ অর্থ দেয় এবং বিক্রির নিশ্চয়তা দেয়। তাই বাধ্য হয়েই তারা তামাক চাষ করছেন।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি নভেম্বর মাসে ঝিনাইদহে মোট ৩ হাজার ২৪৪ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে ঝিনাইদহ সদরে ৬১০, কালীগঞ্জে ৬০০, কোটচাঁদপুরে ২৪০, মহেশপুরে ৬৮৪, শৈলকুপায় ৭০৫ ও হরিণাকুণ্ডু উপজেলায় ৪০৫ মেট্রিক টন। এছাড়া টিএসপি ২ হাজার ৮১০, ডিএপি ৬ হাজার ৩৯০ এবং এমওপি ২ হাজার ৮৯৬ মেট্রিক টন বরাদ্দ রয়েছে।
এদিকে আইনি দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। চলতি বছরের ১৯ জানুয়ারি তিন বা ততোধিক ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ করে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল।
কিন্তু ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া আইনে আগের সেই নিষেধাজ্ঞা শিথিল করায় তামাক কোম্পানিগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা, মাটি পরীক্ষা এবং কম সারে অধিক ফলনের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি তামাকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হবার আহবান জানান।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


