ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল নামক স্থা‌নে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৪) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিল ট্রাকের হেলপার ও চালক। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যায়। আহত হয় দুই গাড়ির চালক ও যাত্রীসহ আরো ৫ জন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এসআই ইয়াছির আরাফাত জা‌নি‌য়ে‌ছেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘন কুয়াশা আর অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘ‌টে‌ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন