বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এ মুহূর্তে জ্বালানি তেল বৈশ্বিক সংকট। সে সংকটের আঁচ বাংলাদেশকেও স্পর্শ করেছে। কিন্তু জনগণ যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সে কাজের অগ্রগতি দেখতে এসেছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এখন ইরিগেশন চলছে। কৃষক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য আমরা কাজ করছি। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এ আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে বিগত ১৭ বছর যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল, তা নতুন করে সচল হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। এটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ।
তিনি জানান, প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী গিয়ে খাল পুনঃখনন উদ্বোধন করবেন। সেখান থেকে ফিরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার হাতে তৈরি ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। পরে জনসভায় যোগ দেবেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোর কালেক্টরেট সভাকক্ষে দপ্তরপ্রধানদের সঙ্গে সভা হয়েছে। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শার উলাশী খাল পুনঃখননস্থল পরিদর্শন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

