মাদারগঞ্জে বাস চলাচল বন্ধ

বাসচালককে মারধরের জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

বাসচালককে মারধরের জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত
ছবি: আমার দেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন। তাকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর রোববার সন্ধ্যা থেকে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস গুনারীতলা ইউনিয়নের জোড়খালী এনপুর বাজারে পৌঁছায়। এ সময় পূর্ববিরোধের জেরে কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম ও রহমতুল্লাহ বাসচালক মমিনুলকে চড়থাপ্পড় মারেন। পরে বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের কর্মী বিজয় আহমেদ বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় ব্যক্তিরা।

আহত বিজয়কে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে সন্ধ্যার পর থেকে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা। এতে বিভিন্ন স্থানে যাত্রীরা আটকা পড়েন।

খবর পেয়ে মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন।

রাত ৯টার দিকে জোড়খালী এনপুর বাজারে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। তারা অভিযুক্ত সোহেল রানার গ্রেপ্তার দাবি করেন।

কাউন্টার মাস্টার শফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে নির্ধারিত সময়ে বাস না আসায় আমার যাত্রীদের বিকল্প বাসে ঢাকায় পাঠানো হয়। পরে রাত দেড়টার দিকে বাসটি আসে। তখন সুপারভাইজার আমাকে ফোন দিলে আমি জানাই, যাত্রীরা অন্য বাসে চলে গেছেন। যাত্রী না পেয়ে বাসচালক আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ ঘটনার জবাব চাইতে রোববার সন্ধ্যায় বাসচালক মমিনুলের সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাকে ধাক্কা দেন। পরে আমি তাকে একটি থাপ্পড় দিই। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।

তবে বিএনপি নেতা সোহেল রানা বলেন, সড়কের মধ্যে বাস দাঁড়িয়ে থাকায় যানজট তৈরি হচ্ছিল। বাস সরাতে বললে বিজয় তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন বলেন, আপাতত বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...