রাকসুর উদ্যোগে আবাসিক হলগুলোতে মিনি জিমনেসিয়াম স্থাপন

রাকসুর উদ্যোগে আবাসিক হলগুলোতে মিনি জিমনেসিয়াম স্থাপন
ছবি: আমার দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে মিনি জিমনেসিয়াম স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ছেলেদের ১১টি আবাসিক হল এবং মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামের জন্য ২০ ধরনের ব্যায়ামের সরঞ্জাম সরবরাহ করেছে সংগঠনটি। ইতোমধ্যে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট হল সংসদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাকসুর সূত্রে জানা যায়, ছেলেদের হলের জন্য মোট ২০ ধরনের সরঞ্জাম দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি স্পিনিং সাইকেল, একটি ম্যানুয়াল ট্রেডমিল, একটি ইনক্লাইন-ডিক্লাইন বেঞ্চ, একটি সিট-আপ বেঞ্চ, ৮০ কেজি অলিম্পিক ওয়েট প্লেট, একটি ইজেড বার, ৬৫ কেজি হেক্স ডাম্বেল, তিনটি যোগ ম্যাট, একটি ৬ ফুটের অলিম্পিক ওয়েট বার, দুটি ফোম রোলার, তিনটি জাম্প রোপ, ১০টি ফ্লোর ম্যাট, একটি ডাম্বেল র‍্যাক, ১০ কেজি কেটল ডাম্বেল, চারটি অলিম্পিক ক্লিপ, দুটি রেজিস্ট্যান্স ব্যান্ড, একটি পুল-আপ বার, দুটি অ্যাব রোলার এবং একটি বক্সিং ব্যাগ। এ ছাড়া ট্রেডমিলের রক্ষণাবেক্ষণের জন্য সিলিকন স্প্রেও দেওয়া হয়েছে।

অন্যদিকে, মেয়েদের হলের জিমের জন্য ১৮ ধরনের সরঞ্জাম দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি স্পিনিং সাইকেল, চারটি অ্যাব রোলার, চারটি যোগ বল, ছয়টি ৩ ফুটের যোগ ম্যাট, ছয়টি জাম্প রোপ, একটি পাঞ্চিং ব্যাগ, দুই সেট রেজিস্ট্যান্স ব্যান্ড, ২৪ কেজি রাবার ডাম্বেল, তিনটি ক্রস ট্রেইনার, দুটি সিট-আপ বেঞ্চ, একটি ব্যাটল রোপ, ১৬ কেজি কেটল বার, ৬ কেজি মেডিসিন বল, দুটি প্লেট ম্যাসাজার, ছয়টি ফোম রোলার, একটি ওজন মাপার যন্ত্র, দুটি ল্যাডার এবং ১০টি হার্ডল। সবমিলিয়ে প্রায় ১৬ লাখ টাকার জিম সরঞ্জাম সরবরাহ করেছে রাকসু।

এ ছাড়া তায়কোয়ান্দো খেলোয়াড়দের অনুশীলনের জন্য দুটি বক্সিং ব্যাগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ছেলেদের কেন্দ্রীয় জিমনেসিয়াম সংস্কারের বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে রাকসু।

এ বিষয়ে রাকসুর সাবেক এজিএস সালমান সাব্বির বলেন, ‘রাকসু নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিটি হলে মিনি জিমনেসিয়াম স্থাপন করব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ছেলেদের ১১টি হল এবং মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সেগুলো হল সংসদের কাছে হস্তান্তর করেছি, আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, তায়কোয়ান্দো খেলোয়াড়দের জন্য দুটি বক্সিং ব্যাগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ছেলেদের কেন্দ্রীয় জিমনেসিয়াম সংস্কারের বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চার সুযোগ সৃষ্টি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে মিনি জিমনেসিয়াম স্থাপন করব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ছেলেদের ১১টি হল এবং মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামের জন্য প্রয়োজনীয় ব্যায়ামের সরঞ্জাম সংশ্লিষ্ট হল সংসদের কাছে হস্তান্তর করেছি। আমরা চাই, শিক্ষার্থীরা নিজ নিজ হলে নিয়মিত শরীরচর্চার সুযোগ পাক। তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতেই আমাদের এ উদ্যোগ।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন