ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আ.লীগ: বিদ্যুৎমন্ত্রী

ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আ.লীগ: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসকে বিকৃতি করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। আওয়ামীলীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার সকালে মমইন কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়েছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামীলীগ চেটেপুটে খেয়ে আরো বড় বৈষম্য তৈরি করেছে।

দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলেও তিনি জানান। সেই সাথে পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেয়ার কাজও শুরু হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দুর্নীতি নেই, অর্থপাচার নেই, উন্নয়ন কেন হচ্ছে এটাই এখন কিছু মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার ছিল। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সব উন্নয়ন চাহিদা পূরণ করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন করতে চায়।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়ার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একে এম আহসানুল হক তৈয়ব জাকির, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসাইন এবং প্রবন্ধ উপস্থাপনা করেন বগুড়া ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার আহবায়ক রোটারিয়ান ডা. মতিউর রহমান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন