পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আজহার ইসলামিক একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার আয়োজিত এ কর্মসূচিতে একাডেমির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার ইসলামিক একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিনাজপুর অঞ্চলের বৃক্ষরোপণ কর্মসূচির তত্ত্বাবধায়ক রোকনুজ্জামান, সুমন, আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্যে একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর কল্যাণে সুন্নাহভিত্তিক বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২ লাখ গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তাহলে একদিকে পরিবেশের সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে ফলজ গাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে আরও দায়িত্বশীল হতে হবে।”
ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। তিনি বলেন, বনায়ন সম্প্রসারণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, শুধু গাছের চারা বিতরণ নয়, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমেই একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

