এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে দলীয়করণ করা হচ্ছে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন—এমন ব্যক্তিদেরই এসব কার্ড দেওয়া হচ্ছে। নিরপেক্ষতার ভিত্তিতে নয়, বরং অর্থের বিনিময়ে, আত্মীয়স্বজন ও দলীয় লোকজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি অনেক নেতার পরিবারের সদস্যদের নামেও কার্ড করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
শনিবার রাত ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রবীন্দ্র-নজরুল চত্বরে পদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারজিস আলম।
সারজিস আলম আরো বলেন, বিভিন্ন এলাকায় খাল খনন প্রকল্পে অনিয়ম হচ্ছে। শ্রমিকের তালিকায় বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তির নাম এবং অস্তিত্বহীন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করে শ্রমিকদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এছাড়া রাস্তার কাজ ও উন্নয়ন প্রকল্পের টেন্ডার হওয়ার আগেই বিএনপি নেতাদের কাছে অগ্রিম অর্থ দিয়ে কাজ নিতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আমরা সত্য কথা বলতে ভয় পাই না। কে কোন দল করে বা কার প্রতীক—এটি বড় বিষয় নয়। যে মানুষ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, সে যে দলেরই হোক, জনগণের কল্যাণ করতে পারবে না। ভালো থাকতে হলে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, জাতীয় কৃষক শক্তির সদস্য সচিব গোলাম মোর্তুজা সেলিম, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক সামসুল মুক্তাদির, জেলা যুগ্ম আহ্বায়ক তাফসীর হাসান ফয়সাল মোস্তাকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

