পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) রাত পৌনে দশটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট তাতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন একই এলাকার মৃত মেছের শেখের ছেলে মো. আব্দুর রহিম এবং আব্দুর রহিমের ছেলে রুবেল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিকের নেতৃত্বে লক্ষীরহাট তাতীপাড়া এলাকায় রুবেল ইসলামদের বসতবাড়িতে অভিযান চালিয়ে মো. রুবেল ইসলাম ও তার বাবা মো. আব্দুর রহিমকে আটক করা হয়।
এ সময় তাদের বাড়ি থেকে ৫ বোতল McDowell’s Whisky, ৫ বোতল Master Blender’s Signature Whisky, ৩ বোতল Seagram’s Blenders Pride Whisky এবং ২ বোতল Blue Lagoon Alcoholসহ মোট ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মোট ১১ দশমিক ২৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বিদেশি মদসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

