জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান সরকার বলেছিল, নির্বাচিত সরকার আসলেই আইনশৃঙ্খলার উন্নতি হবে।
কিন্তু এখন আইনশৃঙ্খলার আরো অবনতি হয়েছে। দলীয় কোন্দল, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, রাহাজানি ও ছিনতাই বেড়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সমন্বয় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরো বলেন, সরকার পুরোনো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী কায়দায় দেশ পরিচালনা করছে। তারা নির্বাচনের আগে এক কথা বলেছে, আর নির্বাচনের পরে আরেক কথা বলছেন।
চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে জীবনযাত্রা ব্যয় বেড়েছে। সরকার যদি শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতো তাহলে শ্রমিক আন্দোলন এই পর্যায়ে যেত না। কোনো শ্রমিকের লাশও দেখতে হতো না। গায়েবানা জানাজা একটি ধর্মীয় কর্মসূচি সেখানে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অনতিবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে সরকারের আস্থায় নিতে হবে। শ্রমিকরা সরকারের মৌখিক কোনে কমিটমেন্টে বিশ্বাস করছে না।
নাহিদ ইসলাম বলেন, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপির রাষ্ট্রীয় দমনপীড়ন দেশকে অস্থিতিশীল করছে।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি বড় দল হতে পারে, কিন্তু তারা আপসকামী দল। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হলেও তার দলের বেশিরভাগ নেতারাই আপসকামী। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আপস করেছে এমন লোকেরাও রয়েছে। ফলে বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না।
দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক ও বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম।
সমন্বয় সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার আহবায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদক অংশগ্রহণ করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-20c180-720x405.webp)