গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনের মূল গেট এলাকা অটো রিকশার দখলে থাকায়, যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। দিন-রাতের বেশিরভাগ সময় স্থানীয় এসব অটোরিকশা ও ভ্যানের যত্রতত্র অবস্থানের কারণে রেলওয়ে স্টেশনের মূল ফটক বন্ধ হয়ে যাচ্ছে। এতে স্টেশনে আগত যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
জানা গেছে, সাঘাটা উপজেলার ঝারাবর্ষা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান সেতু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গত সোমবার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনে আসলে অটোরিকশার অবস্থানের কারণে বেকায়দায় পড়ে যান। অটোরিকশা, ভ্যানের যত্রতত্র অবস্থানের কারণে স্টেশনে উঠতে বেশ সময় লেগে যায় তার। ট্রেনের সময়ে স্টেশনে আসতে অটোরিকশার কারণে ট্রেন ফেল হওয়ার উপক্রম হয়েছিলেন বলে জানান তিনি । ঢাকাগামী আরেক যাত্রী হাসিল কান্দি গ্রামের বাসিন্দা আফতাব হোসেন ও আরিফুর একই অভিযোগ করেন।
ট্রেন যাত্রীরা জানান, গাইবান্ধা জেলার সাঘাটা, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলার মানুষ রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ট্রেনযোগে যাতায়াত করতে বোনারপাড়া রেলওয়ে স্টেশন আসেন । ঢাকাগামী আন্তঃনগর পাঁচটি ট্রেন এখানে যাত্রা বিরতি করে। এ সুবাদে অত্র এলাকার যাত্রীদের আনাগোনায় দিনের বেশিরভাগ সময় ভরপুর থাকে স্টেশনটি। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিন পর বিগত সরকার আমলে দৃষ্টিনন্দন রেলওয়ের মূল গেট ও ফটক নির্মাণ করা হয়। কিন্তু দিনের বেশিরভাগ সময় যাত্রীদের কষ্ট দিয়ে এই এলাকাটি দখল করে রাখে অটোরিকশা ও ভ্যানচালকরা। ট্রেন আসার সময়গুলোতে এমনভাবে অটোরিকশা রাখা হয়, তখন ট্রেন থেকে যাত্রীরা নেমে বেকায়দায় পড়ে যান। স্টেশনে আগত যাত্রীদের ক্ষেত্রেও একই অবস্থা সৃষ্টি হয়। বোনারপাড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামান বলেন, রেলওয়ে এলাকায় অটোরিকশার যত্রতত্র অবস্থানে যাত্রীদের হয়রানি দিন দিন বেড়েই চলছে। বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার প্রদীপ চন্দ্র জানান, যাত্রীদের কষ্ট নিরসনে আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি। তবে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, যাত্রী ভোগান্তি কমাতে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

