কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাজধানীর কদমতলীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার গাড়িতে ‘প্রেস’ লেখা স্টিকার ও ক্যামেরা-বুম থাকলেও তিনি কোনো গণমাধ্যমে কাজ করেন না বলে জানিয়েছে সংস্থাটি। মাদকবিরোধী বিশেষ অভিযানে আজ মঙ্গলবার সকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে অধিদপ্তরের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় কক্সবাজার থেকে আসা একটি সাদা রঙের নোয়া (NOAH) মাইক্রোবাস ঘেরাও করা হয়। গাড়িটিতে ‘প্রেস’ লেখা স্টিকার সাঁটানো ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন শরীফ কোনো গণমাধ্যমে কর্মরত থাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি।

পরে তার গাড়ি ও শরীর তল্লাশি করা হয়। এ সময় গাড়ির স্টিয়ারিংয়ের পাশের বক্স থেকে ২১টি পলি প্যাকেটে ৪ হাজার ২০০ পিস এবং তার প্যান্টের ডান পকেট থেকে আরও ৫টি প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। জব্দ তালিকার অন্যান্য আলামতের মধ্যে রয়েছে—একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা, দুটি বুম, তিনটি মোবাইল ফোন এবং এশিয়ান টেলিভিশনের একটি স্টিকার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, তিনি আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে সাংবাদিকতা ছেড়ে ক্যামেরা, বুম ও গাড়িতে ‘প্রেস’ স্টিকার ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন