রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, গ্রেফতার পাঁচ জনের মধ্যে দুজনকে ১৫, দুজনকে ১০ এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব আরও জানায়, দালাল চক্রটি পাসপোর্ট অফিস ও পাশের ব্যাংকের সামনে অবস্থান করে পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণসহ দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখাত। এমনকি ভুল বা ভুয়া কাগজপত্রের বিষয়েও তারা সহযোগিতার আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রস্তাবে রাজি না হলে নানাভাবে হয়রানি করত চক্রটি। কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারের পরও তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব।
দালালদের বিষয়ে সতর্ক করতে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেওয়ার পাশাপাশি মাইকিং করলেও তাদের কার্যক্রম বন্ধ হয়নি। পরে সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই মধ্যে সোমবার অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাংবাদিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, সেবাপ্রার্থীদের মিসগাইড করে ৫ দিনের জায়গায় ৩ দিনে করে দেবে—এ রকম একটা মিথ্যা আশ্বাস দিচ্ছে দালাল চক্র। এতে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে। পাসপোর্ট অফিসে কোনো কর্মকর্তা জড়িত আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আসলে আমরা খতিয়ে দেখব। কারওর সংশ্লিষ্টতা পেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


