চলতি মাসেই ঘোষণা হচ্ছে "জুলাই চার্টার (জুলাই ঘোষণাপত্র)"। যেখানে স্বাস্থ্য সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ অন্তর্ভুক্ত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে। শুক্রবার স্বাস্থ্য সংস্কার কমিশনের ছয় সদস্য প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের কাছে দেওয়া এক চিঠিতে এই আবেদন জানান।
সদস্যদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের প্রধান ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, পথিকৃৎ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের ক্লিনিক্যাল নিউরোসায়েন্সেস সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. নায়লা জামান খান ও আইসিডিডিআরবির সাবেক প্রধান চিকিৎসক ও হাসপাতাল প্রধান ডা. আজহারুল ইসলাম খান।
প্রধান উপদেষ্টার কাছে দেওয়া ওই আবেদনে সংস্কার কমিশনের সদস্যরা বলেন, স্বাস্থ্য খাত কোনো একক মন্ত্রণালয় বা সেবার সীমায় আবদ্ধ নয়। এটি জাতীয় উন্নয়নের মূল স্তম্ভ— যা মানবসম্পদের বিকাশ, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমঅধিকারের মূল ভিত্তি গঠন করে। একটি কার্যকর, ন্যায়ভিত্তিক ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া জাতির উন্নয়ন কল্পনাও করা যায় না। আমরা অকপটে স্বীকার করি যে, বিগত কয়েক দশকে বাংলাদেশ স্বাস্থ্যখাতে কিছু অগ্রগতি অর্জন করেছে। কিন্তু একইসঙ্গে এটাও সত্য যে, একগুচ্ছ গভীর কাঠামোগত দুর্বলতা, শাসন ব্যবস্থায় বিচ্যুতি এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাব আমাদের এই অগ্রযাত্রাকে বারবার থমকে দিয়েছে।
এই প্রেক্ষাপটে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশগুলো এসেছে এক গুরুতর বাস্তবতা থেকে—যা কেবলমাত্র সেবার সম্প্রসারণ বা গুণগত মান বৃদ্ধির পরামর্শ নয়, বরং এটি একটি সুসংহত রূপরেখা—যার মাধ্যমে স্বাস্থ্য খাতের গভীর সমস্যাগুলোর সমাধান, প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং প্রশাসনিক জবাবদিহিতার একটি টেকসই কাঠামো গড়ে তোলা সম্ভব। তবে অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে—যদি যথাসময়ে সাহসী ও বাস্তবধর্মী পদক্ষেপ না নেওয়া হয়, তবে এমন গুরুত্বপূর্ণ সুপারিশগুলো কাগজেই বন্দী থেকে যায়। তাই এখনই প্রয়োজন একটি বাস্তবভিত্তিক, সময়সীমা নির্ধারিত এবং জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত রোডম্যাপ প্রণয়ন। আমরা বিশ্বাস করি, এই সংস্কারগুলোকে ‘জুলাই চার্টার ২০২৫’-এ অন্তর্ভুক্ত করা হবে একটি যুগান্তকারী সিদ্ধান্ত—যা অতীতের সম্মান এবং ভবিষ্যতের অঙ্গীকারকে একসূত্রে বেঁধে রাখবে।
আবেদনে আরও বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক সীমাবদ্ধতা আমরা জানি। কিন্তু সীমাবদ্ধতার মাঝেও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর প্রশাসনিক নির্দেশনা এবং নৈতিক সাহস নিয়ে অনেক কিছুই করা সম্ভব। আজ জাতির সামনে একটি সুবর্ণ সুযোগ এসেছে—আমরা চাই আপনি সেটিকে বাস্তবায়নে পরিণত করুন। বিশেষ করে তিনটি অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান কমিশনের সদস্যরা।
তারা বলেন, একটি স্বাধীন, গণজবাবদিহিমূলক এবং উচ্চক্ষমতাসম্পন্ন স্বাস্থ্য কমিশন গঠন—যা দীর্ঘমেয়াদি কৌশলগত রূপকল্প ও বাস্তবায়নের নেতৃত্ব দেবে। এই প্রতিষ্ঠান হবে ভবিষ্যতের স্বাস্থ্য খাত রূপান্তরের মূল চালিকাশক্তি।, দ্বিতীয়ত, শহর ও গ্রামে বাধ্যতামূলক রেফারেল ব্যবস্থাসহ কার্যকর, মানসম্পন্ন ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করতে হবে—যা হবে নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তি। তৃতীয়ত, উপদেষ্টা পরিষদের সদস্যদের সমন্বয়ে একটি সময়বদ্ধ, দায়িত্বনির্ভর কমিটি গঠন করতে হবে—যা এসব উদ্যোগ বাস্তবায়নের গতি ত্বরান্বিত করবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সরাসরি এর তত্ত্বাবধান করবে।
কমিশনের সদস্যরা বলেন, এসব পদক্ষেপ চলতি আগস্টের মধ্যভাগে শুরু করা গেলে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সরকারি আদেশ/অধ্যাদেশ জারি সম্ভব এবং ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই জনগণের সামনে কাঠামোগত এই রূপান্তরের দৃশ্যমান অগ্রগতি উপস্থাপন করা যাবে। এটি কেবল প্রশাসনিক কর্তব্য নয়—এটি জাতির প্রতি একটি নৈতিক অঙ্গীকার। এই আগস্ট মাসে, যখন জাতি গণজাগরণ ও আত্মত্যাগের স্মৃতিতে দাঁড়িয়ে, তখন যদি আপনি এই রূপান্তরের সূচনা করেন এবং জুলাই চার্টার ২০২৫-এর অংশ হিসেবে তা ঘোষণা করেন, তবে তা হবে শহীদদের প্রতি এক গভীর শ্রদ্ধা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক সাহসী প্রতিশ্রুতি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

