শীতের আগমনে প্রকৃতিতে যেমন পরিবর্তন আসে, তেমনি মানুষের শরীরেও দেখা দেয় নানা ধরনের পরিবর্তন। তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের আর্দ্রতা হ্রাস, শুষ্ক আবহাওয়া এবং সূর্যালোকের স্বল্পতা নারীর স্বাস্থ্যের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। তবে সব বয়সের নারীর স্বাস্থ্যঝুঁকি এক রকম নয়। প্রবীণ নারীদের ক্ষেত্রে হাড় ও জয়েন্টের ব্যথা, হৃদরোগ, শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার ঝুঁকি বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
আমাদের সমাজে নারীরা পরিবার, সন্তান, কর্মক্ষেত্র ও সামাজিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও নিজের স্বাস্থ্য নিয়ে অনেক সময় উদাসীন থাকেন। তবে বয়স ও শারীরিক অবস্থাভেদে শীতকালে প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রবীণ নারীদের শীতকালীন স্বাস্থ্যঝুঁকি
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা, পেশিশক্তি, হাড়ের ঘনত্ব এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতায় পরিবর্তন আসে। বিশেষ করে ষাটোর্ধ্ব নারীদের মধ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের উপস্থিতি থাকায় শীতকালে বাড়তি সতর্কতা প্রয়োজন।
হাড় ক্ষয় ও অস্টিওপোরোসিস : মেনোপজের পর নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় হাড়ের ঘনত্ব হ্রাসের ঝুঁকি বাড়ে। ফলে অস্টিওপোরোসিস ও হাড় ভাঙার আশঙ্কা তৈরি হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার, নিরাপদ শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Bone Mineral Density (BMD) পরীক্ষা করা প্রয়োজন।
হাঁটু ও জয়েন্টের ব্যথা : প্রবীণ নারীদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস, কোমরব্যথা ও অন্যান্য জয়েন্টের সমস্যা বেশি দেখা যায়। ঠান্ডায় ব্যথা ও শক্তভাব বেশি অনুভূত হতে পারে। শরীর উষ্ণ রাখা, নিয়মিত হালকা হাঁটা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম ও চিকিৎসা গ্রহণ করা উচিত।
হৃদরোগ ও উচ্চ রক্তচাপ : শীতকালে রক্তনালি সংকুচিত হওয়ার কারণে রক্তচাপ বাড়তে পারে। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ রয়েছে, তাদের বাড়তি সতর্কতা প্রয়োজন। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা এবং নির্ধারিত ওষুধ গ্রহণ অব্যাহত রাখতে হবে। বুকব্যথা, শ্বাসকষ্ট বা হঠাৎ অতিরিক্ত ঘাম হলে জরুরি চিকিৎসা নিতে হবে।
নিউমোনিয়া ও শ্বাসকষ্ট : প্রবীণ নারীদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক কম থাকতে পারে। ফলে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণ গুরুতর আকার ধারণ করতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা নেওয়ার বিষয়ে আলোচনা করা উচিত।
শরীরের তাপমাত্রা কমে যাওয়া : প্রবীণদের অনেক সময় ঠান্ডা অনুভব করার ক্ষমতা কমে যায়। ফলে শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে Hypothermia বা বিপজ্জনকভাবে শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। উষ্ণ পোশাক, মোজা, প্রয়োজনীয় কম্বল এবং নিরাপদ ঘরোয়া পরিবেশ নিশ্চিত করতে হবে।
পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঝুঁকি : শীতকালে চলাফেরায় অসুবিধা, দুর্বলতা ও জয়েন্টের ব্যথার কারণে প্রবীণ নারীরা পড়ে গিয়ে হাড় ভাঙা বা গুরুতর আঘাত পেতে পারেন। ঘরের মেঝে শুকনো রাখা, পর্যাপ্ত আলো নিশ্চিত করা এবং প্রয়োজন হলে হাঁটার সহায়ক উপকরণ ব্যবহার করা উচিত।
বয়সভেদে পুষ্টি ও জীবনযাপনে করণীয়
শীতকালে সব বয়সের নারীর জন্য সুষম খাদ্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী খাদ্যতালিকায় কিছু পার্থক্য থাকা প্রয়োজন।
কিশোরীদের জন্য পর্যাপ্ত ক্যালরি, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিনসমৃদ্ধ খাবার প্রয়োজন। কর্মজীবী নারীদের সময়মতো খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত চা-কফি ও ফাস্টফুড পরিহার করা উচিত। প্রবীণ নারীদের সহজে হজম হয় এমন পুষ্টিকর খাবার, পর্যাপ্ত প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি নিশ্চিত করতে হবে। ডায়াবেটিস, কিডনি বা হৃদরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা নির্ধারণ করা প্রয়োজন।
সব বয়সের নারীর জন্য নিয়মিত হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং নিরাপদভাবে দিনের আলোতে কিছু সময় কাটানো উপকার। শীতের কারণে ঘরের জানালা-দরজা সবসময় বন্ধ না রেখে বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। ধূমপান ও রান্নার ধোঁয়া থেকেও দূরে থাকা প্রয়োজন।
চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষায় অবহেলা নয়
নারীর বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। কিশোরীদের ক্ষেত্রে রক্তস্বল্পতা ও পুষ্টির ঘাটতি, কর্মজীবী নারীদের ক্ষেত্রে রক্তচাপ, ডায়াবেটিস ও প্রয়োজনীয় স্ত্রীরোগ পরীক্ষা এবং প্রবীণ নারীদের ক্ষেত্রে হাড়ের ঘনত্ব, রক্তচাপ, রক্তে শর্করা ও অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।
জ্বর দীর্ঘস্থায়ী হওয়া, শ্বাসকষ্ট, বুকব্যথা, অস্বাভাবিক রক্তপাত, তীব্র দুর্বলতা কিংবা হঠাৎ চলাফেরায় সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ গ্রহণ করা উচিত নয়।
পরিশেষে বলা যায়, শীতকাল সবার জন্য সমান স্বাস্থ্যঝুঁকি নিয়ে আসে না। কিশোরী, কর্মজীবী ও প্রবীণ নারীর শারীরিক গঠন, হরমোনের অবস্থা, পুষ্টির চাহিদা এবং রোগ প্রতিরোধক্ষমতার পার্থক্যের কারণে তাদের স্বাস্থ্যসুরক্ষার প্রয়োজনও আলাদা। তাই বয়সভিত্তিক স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নারীর সুস্থতা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে, নিজের যত্ন নেওয়া নারীর অধিকার। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে শীতকালেও কিশোরী থেকে প্রবীণ—সব বয়সের নারী সুস্থ ও নিরাপদ থাকতে পারেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

