বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার

আগস্ট/সেপ্টেম্বর-ভাদ্র-রবিউল আউয়াল

আগস্ট/সেপ্টেম্বর-ভাদ্র-রবিউল আউয়াল
সাবিনা ইয়াসমিন

২৪ আগস্ট ১৯৫৭ : কবি মোশাররফ হোসেন খানের জন্ম। আশির দশক থেকে তিনি বাংলা কবিতা, ছড়া, গল্প, উপন্যাস ও শিশু-কিশোর সাহিত্যে নিয়মিত লিখে আসছেন। তিনি ‘নতুন কিশোরকণ্ঠ’-এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

৩০ আগস্ট ২০১৭ : প্রখ্যাত সংগীতশিল্পী আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন। তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

বিজ্ঞাপন

৩০ আগস্ট ১৯৯০ : কবি, সম্পাদক ও গবেষক মুহিম মাহফুজের জন্ম। তিনি দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক এবং ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর শাপলা সেকশনের গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১ সেপ্টেম্বর ১৯৬২ : গণসংগীতশিল্পী কফিল আহমেদ জন্মগ্রহণ করেন। কবিতা ও সংগীতের পাশাপাশি জলরঙ ও অ্যাক্রিলিকে চিত্রাঙ্কনেও তিনি স্বতন্ত্র দক্ষতার পরিচয় দিয়েছেন।

১ সেপ্টেম্বর ১৯৩৫ : কবি গোলাম মোস্তফার ছেলে চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার জন্মগ্রহণ করেন। চিত্রকলা, টেলিভিশন ও পাপেটশিল্পে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি একুশে পদক লাভ করেছেন।

১ সেপ্টেম্বর ১৯১৮ : মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানী জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব ও সামরিক কৌশল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

১ সেপ্টেম্বর ১৯৭৮ : শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশি জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণ করা দলটি জুলাই বিপ্লবের পর ১৩তম সংসদ নির্বাচনে জয়ী হয়ে এখন সরকার পরিচালনার দায়িত্ব পালন করছে। ২০২৬ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে।

১ সেপ্টেম্বর ১৯৪৭ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ঢাকায় তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়। পূর্ববাংলার সাহিত্য ও সাংস্কৃতির ধারার এই সংগঠনটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভাষা আন্দোলনে পথিকৃতের ভূমিকা গ্রহণ করে।

৩ সেপ্টেম্বর ১৮৯৮ : বাংলাদেশি সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবী আবুল মনসুর আহমেদ জন্মগ্রহণ করেন। তার ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)’, ‘আত্মকথা (১৯৭৩)’ ও ‘বাংলাদেশের কালচার’ প্রভৃতি বই এখনো বাংলাদেশের ইতিহাস-সংস্কৃতির গুরুত্বপূর্ণ উৎস। ১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি ইন্তেকাল করেন।

৩ সেপ্টেম্বর ২০০৮ : কবি ও গীতিকার ড. মোহাম্মদ মনিরুজ্জামান মৃত্যুবরণ করেন। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন।

৪ সেপ্টেম্বর ১৯৫৪ : সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন জন্মগ্রহণ করেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

৪ সেপ্টেম্বর ২০১১ : সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায় মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৪ সেপ্টেম্বর ২০২২ : পরিচালক, সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মৃত্যুবরণ করেন। তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

৫ সেপ্টেম্বর ১৯৩১ : লোকসংগীতশিল্পী আব্দুল আলীম জন্মগ্রহণ করেন। ভাটিয়ালি, পল্লিগীতি ও বাংলাদেশি সংগীতকে জনপ্রিয় করে তুলতে তার বিশেষ ভূমিকা ছিল।

৪ সেপ্টেম্বর ১৮৯০ : কথাসাহিত্যিক এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি’র সভাপতি। গল্প-উপন্যাস-প্রবন্ধ লেখার কারণেই তিনি বিখ্যাত।

গ্রন্থনা : সাহিত্য সাময়িকী টিম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন