২৯ আগস্ট, ১৯৭৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু। নজরুল তার সাহিত্য ও সংগীতের মাধ্যমে ঔপনিবেশিক শাসন, সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুদিবসে বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ আগস্ট ১৯৮১ : বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা-গবেষক নীহাররঞ্জন রায় মারা যান। তার রচিত ‘বাঙালীর ইতিহাস : আদি পর্ব’ বাংলা রাষ্ট্র ও বাঙালি জাতির প্রাচীন ইতিহাসচর্চায় একটি গুরুত্বপূর্ণ বই।
১ সেপ্টেম্বর ১৮৯৪ : উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষা বিস্তারের অগ্রপথিক, সমাজ সংস্কারক, জ্ঞানতাপস, সাবেক এমএনএ, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ জন্মগ্রহণ করেন।
১ সেপ্টেম্বর ১৯১৮ : মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানী জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব ও সামরিক কৌশল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
১ সেপ্টেম্বর ১৯৪৭ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ঢাকায় তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়। পূর্ববাংলার সাহিত্য ও সাংস্কৃতিক ধারার এই সংগঠনটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভাষা আন্দোলনে পথিকৃতের ভূমিকা গ্রহণ করে।
১ সেপ্টেম্বর ১৯৭৮ : শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশি জাতীয়তাবাদকে রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণ করা দলটি জুলাই বিপ্লবের পর ১৩তম সংসদ নির্বাচনে জয়ী হয়ে এখন সরকার পরিচালনার দায়িত্ব পালন করছে। ২০২৬ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে।
৩ সেপ্টেম্বর ১৮৯৮ : বাংলাদেশি সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবী আবুল মনসুর আহমেদ জন্মগ্রহণ করেন। তার ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)’, ‘আত্মকথা (১৯৭৩)’ ও ‘বাংলাদেশের কালচার’ প্রভৃতি বই এখনো বাংলাদেশের ইতিহাস-সংস্কৃতির গুরুত্বপূর্ণ উৎস। ১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি ইন্তেকাল করেন।
৪ সেপ্টেম্বর ১৯১১ : কলকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়। বাঙালি মুসলমানদের সাহিত্যচর্চা ও বাংলা ভাষার বিকাশে ভূমিকা রাখার লক্ষ্যে গড়ে ওঠা এই সংগঠনের সঙ্গে মুহম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী প্রমুখ যুক্ত ছিলেন। পরবর্তীকালে সংগঠনটি বাংলা সাহিত্য ও বাঙালি মুসলমানের সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

