চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে জাদুঘরটি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত এই জাদুঘরসহ মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে এতদিন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
মন্ত্রী আরও বলেন, জিয়া স্মৃতি জাদুঘর দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী সম্পদ, যা সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি। এ লক্ষ্যে জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে।
তিনি উল্লেখ করেন, জাদুঘরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে জড়িত এবং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে দীর্ঘদিন অবহেলার কারণে অনেক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন নষ্ট হয়ে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অমূল্য ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

