পশ্চিমা লঘুচাপের কারণে সারা দেশেই কমবেশি বৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থা আগামী ৫দিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় বলা হয়, আগামী শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত।
এদিকে থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে সর্বোচ্চ ৮৭ মিলিমিটার এবং ফেনিতে ৬৯ মিলিমিটার ভারী বৃষ্টি হয়েছে। এ দিন রাজধানীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সংস্থাটির সন্ধ্যা ৬টায় ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী সোমবার পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এরপর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি আরো জানান, ওইসব অঞ্চলে বৃষ্টি বাড়লেও শুক্রবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

