বগুড়ার শেরপুরে পথসভায় জামায়াত আমির

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে বিকেল ৪টায় পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। কিন্তু সরকার সেই গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণের সঙ্গে প্রতারণা ও তাদের অপমান করেছে। সেই অপমানের জবাব দিতেই তারা রাজপথে নেমেছেন।

তিনি বলেন, কৃষকের সার নেই, পেটে ভাত নেই। যুবকদের কাজ নেই, বাড়িতে নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ একদল লোক এখনো ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত।

অন্য একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, তারা কর্মসংস্থান তৈরি করতে চেয়েছিল, কিন্তু কর্মসংস্থান তৈরি না করে মাঠে চাঁদাবাজ নামিয়ে দিয়েছে।

তিনি বলেন, এটি কোনো একক দল বা দলীয় কর্মসূচি নয়। দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদ চিরতরে মুছে ফেলার লক্ষ্যেই এই আন্দোলন।

জনগণের স্বার্থে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে আন্দোলনে মা-বোনেরা রাস্তায় নেমে আসেন, সে আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। জুলাই আন্দোলনেও মায়েরা সন্তানদের নিয়ে রাজপথে নেমেছিলেন এবং সেই আন্দোলন সফল হয়েছিল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দাবি না মানলে যেকোনো সময় এক দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে নামতে হতে পারে। এজন্য ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন