তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

স্পোর্টস রিপোর্টার

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিধ্বস্ত হয়েছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলের লজ্জাজনক হারের খেসারত দিতে হলো দলটির প্রধান কোচ সাব্রি লামুশিকে। ম্যাচ শেষ হওয়ার পরদিনই এক জরুরি বৈঠকে ফরাসি এই কোচকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এফটিএফ)। চলতি বিশ্বকাপে কোনো দল থেকে কোচ বরখাস্ত হওয়ার প্রথম ঘটনা এটি। তাই তো বিশ্বকাপের মাঝেই হার্ভে রেনার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তিউনিসিয়া। মেক্সিকোয় পৌঁছে গতকাল মঙ্গলবার তিউনিসিয়া দলের অনুশীলনে থাকার কথা রয়েছে তার।
এ নিয়ে ৫৭ বছর বয়সি রেনার্ড টানা তৃতীয় বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াবেন। ২০১৮ বিশ্বকাপে তিনি ছিলেন মরক্কো কোচের দায়িত্বে। তার অধীনে ২০২২ বিশ্বকাপ খেলেছে সৌদি আরব। তার সেই সময়কার দলটি প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিল। ফরাসি এই কোচের হাত ধরেই ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে সৌদি আরব।
বিশ্বকাপের টিকিট কাটার সময় যে তিউনিসিয়া একটি গোলও হজম না করে অনন্য রেকর্ড গড়েছিল, মূল মঞ্চে এসে সেই রক্ষণভাগই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সুইডেনের বিপক্ষে মাঠে নামার ঠিক আগের প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল তারা। এরপর বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই হজম করতে হলো আরো ৫ গোল। মাত্র দুই ম্যাচের ব্যবধানে ১০ গোল হজম করায় কোচের ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারায় দেশটির ফুটবল বোর্ড।
আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সামি ট্রাবেলসিকে সরিয়ে লামুশিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার অধীনে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায় দল। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করলেও এরপর কানাডার সঙ্গে গোলশূন্য ড্র এবং পরবর্তী তিন ম্যাচে যথাক্রমে অস্ট্রিয়া, বেলজিয়াম ও সুইডেনের কাছে হেরে বিদায়ঘণ্টা বাজল এই কোচের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন