বেশিদিন আগের কথা নয়। গত ৫ ফেব্রুয়ারিতেই ৪১-এ পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সিআর সেভেন যেন এখনো তরুণ এক ফুটবলার। চিরসবুজ তারুণ্য যেন ধারণ করে আছেন পর্তুগিজ এই মেগাস্টার। গোলের পর গোল করে যাচ্ছেন। তার গোলের ফোয়ারা যেন কিছুতেই থামছে না। সৌদি প্রো লিগে আল নাসরকে শীর্ষে তোলার পথে রোববার রাতেও উপহার দিয়েছেন জোড়া গোল। রোনালদোর দ্যুতি ছড়ানোর ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে আল নাসর। মাঠের লড়াইয়ে আল হাজমকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। তবে গতকাল দুঃস্বপ্নের সকাল কাটিয়েছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলে হেরে যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মিয়ামি।
গোল করার মধ্য দিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাঁচবারের এই ব্যালন ডি’অর জয়ী রোনালদো। বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পর প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে রোনালদো পৌঁছে গেছেন ৫০০ গোলের মাইলফলকে। ম্যাচে প্রথম গোলে এই কীর্তি নিজের করে নেন রোনালদো। পরে দ্বিতীয় গোলটি উপহার দিয়ে সংখ্যাটিকে বাড়িয়ে ৫০১-এ নিয়ে গেছেন তিনি।
আল নাসরের জার্সিতে রোনালদো নিজের প্রথম গোলটি করেন লড়াইয়ের ১৩ মিনিটে। চমৎকার ফিনিশিংয়ের গোলটি প্রথমে অবশ্য অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। পরে ভিএআর রিপ্লে দেখে গোলের বাঁশি বাজান মাঠের রেফারি। পরে ম্যাচের ৭৯ মিনিটে নিজের ডাবল গোল পূর্ণ করেন। সব মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৬৪। তার মানে এক হাজার গোলের স্বপ্নিল মাইলফলক গড়তে রোনালদোর দরকার আর মাত্র ৩৬ গোল। ম্যাচে বাকি গোল দুটি করেন কিংসলে কোমান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। আর দাপুটে এই জয়ের সুবাদে আল নাসর সৌদি প্রো লিগে সবার ওপরে উঠল। ২২ ম্যাচ শেষে আল নাসরের সংগ্রহ এখন ৫৫ পয়েন্ট।
অন্যদিকে বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি এ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ম্যাচে এই মেগাস্টার ছিলেন নিষ্প্রভ হয়ে। নিজে গোল করতে পারেননি। সতীর্থদের দিয়েও গোল করাতে পারেননি। ইন্টার মিয়ামির অন্য কোনো ফুটবলারও গোলের দেখা পাননি। লিগের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার মেনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

