ফিফার নিষেধাজ্ঞায় লিগে অংশগ্রহণ অনিশ্চিত

বসুন্ধরা কিংস-আবাহনীর অপেক্ষায় বাফুফে

বসুন্ধরা কিংস-আবাহনীর অপেক্ষায় বাফুফে

আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ার কথা। কিন্তু আসন্ন মৌসুমে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেডের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো দল বদলেই অংশ নিতে পারেনি ক্লাবগুলো। কেননা এই দুটি ক্লাবের দলবদলের ওপর ফিফা নিষেধাজ্ঞা রয়েছে। নতুন মৌসুমে খেলতে হলে দেশের বড় এই দুটি ক্লাবকেই ফিফা নিষেধাজ্ঞামুক্ত হয়ে ক্লাব লাইসেন্স নিশ্চিত করতে হবে। ক্লাব লাইসেন্সিংয়ের ব্যাপারে তাদেরকে ৪ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেটি বাড়িয়ে এখন ৭ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যেও ক্লাবগুলো নিষেধাজ্ঞামুক্ত হতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। নতুন মৌসুমের দলবদলের শেষ তারিখ ১৩ আগস্ট।

ফিফা নিষেধাজ্ঞার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে পারেনি বসুন্ধরা কিংস ও আবাহনী। এবার ঘরোয়া ফুটবলেও তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিল। তবে আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে খুবই আশাবাদী আবাহনী ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। তিনি আমার দেশকে জানান, ‘আমাদের ওপর তিনটি নিষেধাজ্ঞা ছিল। এরই মধ্যে দুটি উঠে গেছে। আর একটি বাকি আছে। আশা করি, আগামী সপ্তাহে সেটিও উঠে যাবে। এ নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’ ২০২৪ সালের ৫ আগস্টের আগে নামিবিয়া, ঘানা ও সিরিয়ার তিন ফুটবলারের সঙ্গে চুক্তি করেই জটিলতার মধ্যে পড়েছে আবাহনী। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর ক্লাবটি সংকটের মধ্যে পড়লে খেলোয়াড়দের ওই চুক্তি বাতিল হয়। কিন্তু বিদেশি তিন ফুটবলার বাংলাদেশে না এসে, লিগে না খেলেও নিয়ম অনুযায়ী পারিশ্রমিক দাবি করে ফিফার কাছে অভিযোগ দিয়েছে। এরই মধ্যে নামিবিয়া ও ঘানার খেলোয়াড়ের সঙ্গে সমঝোতা হয়েছে আবাহনীর। এখন সিরিয়ার ফুটবলারের সঙ্গে আলোচনা চলছে। সেটি সুরাহা হলে ফিফা নিষেধাজ্ঞা উঠে যাবে তাদের। আর তাতেই নতুন মৌসুমে খেলার সুযোগ মিলবে আবাহনীর।

বিজ্ঞাপন

এদিকে, নতুন মৌসুমে খেলা নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছে বসুন্ধরা কিংস। ফিফায় তাদের বিরুদ্ধে অভিযোগ ১১টি। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়াটাও জটিল এবং সময়সাপেক্ষ। এ বিষয়ে বসুন্ধরা কিংসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই এ বিষয়ে কথা বলতে রাজি নন। বাফুফের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বসুন্ধরা কিংসের সভাপতি। তার দলকে নিয়েই বিপাকে পড়ল ফুটবল ফেডারেশন! ইমরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাও অনিশ্চয়তার মধ্যে আছেন। তারা দল ছাড়বেন কি না- এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। কিংসের একজন সিনিয়র ফুটবলার আমার দেশকে জানান, ‘এই সপ্তাহে আমাদের (খেলোয়াড়দের) সঙ্গে বসার কথা কিংসের। এর পরই সিদ্ধান্ত নেব, আসলে কী করব আমরা।’

গত মৌসুমে লিগ হয়েছে ১০টি দল নিয়ে। ফিফার বিধি অনুযায়ী অন্তত ১০টি ক্লাব নিয়েই লিগ আয়োজনে বাধ্যবাধকতা রয়েছে। তাই গত মৌসুমে অবনমন হওয়া ফকিরেরপুল ও আরামবাগ ক্লাবকে নতুন মৌসুমে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। কিন্তু এর মধ্যে ফকিরেরপুলও ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দুটি। তবে সমাধানের চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। ক্লাব সূত্রে জানা যায়, দুই বছর আগে দেশে গণঅভ্যুত্থানের পর ফকিরেরপুল ক্লাবের সাংগঠনিক নেতৃত্বের পরিবর্তন হওয়ায় জটিলতা তৈরি হয়েছে। বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক আটকে যায়। তবে নিষেধাজ্ঞা দ্রুতই কাটিয়ে ফুটবলে ফিরতে চায় ফকিরেরপুল। এই ক্লাবটির জন্যও অপেক্ষায় রয়েছে বাফুফেও।

শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী নতুন মৌসুমে অংশ নিতে না পারে তাহলে ঘরোয়া ফুটবল নিয়ে বড় প্রশ্ন উঠবে। তবে তাদের বিকল্প ভেবে রেখেছে বাফুফে। ফকিরেরপুল ও আরামবাগের সঙ্গে ওয়ান্ডারার্স ক্লাবকেও নতুন মৌসুমের জন্য আমন্ত্রণ জানিয়েছে ফুটবল ফেডারেশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন