তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ক্ষমতার প্রতিযোগিতা তীব্রতর হওয়ায় আগামী সময়ে সবচেয়ে কৌশলগত ও মূল্যবান সম্পদে পরিণত হবে পানি। পেছনে পড়ে যাবে গত শতাব্দীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত তেল ও কার্বন জ্বালানি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এরদোয়ান বলেন, জলবায়ু পরিবর্তন, খরা, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং শিল্পায়নের মতো কারণগুলো পানিসম্পদের ওপর চাপ বাড়াচ্ছে।
তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী ২ দশমিক ২ বিলিয়ন মানুষ সুপেয় পানি পাচ্ছে না। বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে প্রায় ৬ বিলিয়ন মানুষ পর্যাপ্ত বিশুদ্ধ পানি পাবে না।
তিনি জোর দিয়ে বলেন, এমন এক শতাব্দীতে যেখানে সব ক্ষেত্রে ক্ষমতার প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে, সেখানে উৎপাদন ও শক্তির মূল উপাদান হিসেবে পানিই সবচেয়ে কৌশলগত এবং মূল্যবান সম্পদ হিসেবে রয়ে গেছে। প্রেসিডেন্ট বলেন, পানি যে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদে পরিণত হচ্ছে, তা ইতোমধ্যে এই অঞ্চলে চলমান সশস্ত্র সংঘাতগুলোতে দৃশ্যমান।
তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের মোট পানি সরবরাহের মাত্র ২ দশমিক ৫ শতাংশ মিঠা পানি। বিশ্বের জনসংখ্যা ১৯৬০ সালে যেখানে ছিল ৩ বিলিয়ন, সেখান থেকে বেড়ে বর্তমানে ৮ বিলিয়নেরও বেশি হয়েছে, অথচ বৃষ্টিপাতের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।
এরদোয়ান আরো বলেন, বিশুদ্ধ পানির উৎসের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবহার এবং দূষণের প্রভাবে দুর্ভাগ্যবশত পানিসম্পদ দ্রুত কমছে।
সূত্র: আনাদোলু
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের