পাঁচ অঞ্চলে ‘বিপদের সতর্কতা’ দিয়ে তুলে নিল সৌদি আরব

পাঁচ অঞ্চলে ‘বিপদের সতর্কতা’ দিয়ে তুলে নিল সৌদি আরব

মক্কা, তায়েফ, তাবুকসহ সৌদির পাঁচটি অঞ্চলে জারি করা ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা তুলে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সৌদি আরবের সিভিল ডিফেন্স এক ঘোষণায় জানায়, এসব এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের ঝুঁকি কেটে গেছে।

বিজ্ঞাপন

এর আগে মক্কা, তায়েফ, তাবুক, জেদ্দা এবং লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে জাতীয় প্রাথমিক সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে জরুরি সংকেত বা অ্যালার্ট জারি করা হয়েছিল।

ঝুঁকি কেটে যাওয়ার পর পৃথক বার্তায় সিভিল ডিফেন্স নাগরিকদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থল বা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় অহেতুক ভিড় না করতে এবং মোবাইল ফোনে ভিডিও বা ছবি ধারণ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট ধরন বা এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হয়েছে সৌদি আরব।

এর আগে গত ২০ জুলাই হুথিরা সৌদি আরবের ওপর ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণার কথা জানায়। এরপর থেকেই সৌদি-সংলগ্ন বিভিন্ন জাহাজ ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয় আসছে গোষ্ঠীটি। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কিছু এলাকা হুথিদের দখলে রয়েছে। পরবর্তীতে ২০১৫ সালের মার্চ থেকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন