উত্তর আলজেরিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩৯ জন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। বাসটি সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে এসেছিল। গন্তব্য থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় পৌঁছালে গাড়িটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে খবর পেয়ে সিভিল প্রোটেকশন সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় সংবাদমাধ্যম এননাহার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন কয়েকজন আহতের খোঁজখবর নিয়েছেন।
এদিকে ভয়াবহ এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন।
রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে আবদেলমাজিদ তেব্বুন এই দুর্ঘটনার জন্য দায়িত্বজ্ঞানহীন চালক ও সংশ্লিষ্টদের ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি স্পষ্ট জানান, ঘটনার তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, ঠিক কী কারণে বাসটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, অতিরিক্ত গতি ও চালকদের মানবিক ভুলই আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
সংস্থাটি আরো জানায়, সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ার সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। এর আগে গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত ও ২১ জন আহত হয়েছিলেন। তা ছাড়া একই বছরের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেচার অঞ্চলে একটি বাস উল্টে আরও ১৪ জনের মৃত্যু হয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

