জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে সিরিয়াজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একটি প্রধান মহাসড়ক কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা ।
রোববার ডিজেলের দাম ৪০ শতাংশ এবং পেট্রোলের দাম ২৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সিরিয়া সরকার। বিশ্ববাজারে জ্বালানি সংগ্রহের খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিরিয়া সরকার মূল্যবৃদ্ধির আরেকটি কারণ গুরুত্বপূর্ণ বানিয়াস শোধনাগারের সংস্কারকাজ। সিরিয়া সরকারের দাবি, এই সংস্কারের ফলে শোধনাগারটির দৈনিক প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা ৮০ হাজার ব্যারেল থেকে বেড়ে ১ লাখ ৩০ হাজার ব্যারেলে উন্নীত হবে।
হামা, খান শেখুন এবং মারাত আল-নুমান শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র বিতর্ক শুরু হয়েছে।
সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির শনিবার জানান, দেশটি বর্তমানে প্রতিদিন প্রায় ১ লাখ ২ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে। অথচ অভ্যন্তরীণ চাহিদার জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ ২৫ হাজার ব্যারেল; ফলে ঘাটতি মেটাতে দেশকে আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


