জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে নিউইয়র্কে পৌঁছেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে যাওয়া সবচেয়ে উচ্চপর্যায়ের ইরানি কর্মকর্তা আরাগচি। নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আলোচ্যসূচি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
ইরানি সাংবাদিকদের আরাগচি বলেন, ‘ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষায় একটি বড় আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগানোই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।’
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তার যোগাযোগ দলের সদস্যসহ প্রতিনিধিদলের কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলেও তখন জানানো হয়েছিল।
তবে আরাগচি নিউইয়র্কে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাকে সাধারণ পরিষদের অধিবেশনে ‘কূটনৈতিক প্রতিনিধিদলের প্রধান’ হিসেবে উল্লেখ করেন।
বাঘাই বলেন, অধিবেশনে যোগ দেওয়া বিভিন্ন দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাগচি আলোচনা ও পরামর্শ করবেন।
জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে ইরানের একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দিয়েছে। তবে গত বছরের মতো এবারও প্রতিনিধিদলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

