আন্তর্জাতিক আরবি কথাসাহিত্য পুরস্কার ২০২৬

আন্তর্জাতিক আরবি কথাসাহিত্য পুরস্কার ২০২৬

২০২৬ সালের ‘এরাবিক বুকার প্রাইজ’ নামে পরিচিত International Prize for Arabic Fiction (IPAF) অর্জন করেন আলজেরিয়ার ঔপন্যাসিক সাঈদ খতিবি (Said Khatibi)। তার أغالب مجرى النهر (I Resist the River’s Course / Swimming Against the Tide) উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

সাঈদ খতিবির উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ১৯৯০-এর দশকের গোড়া পর্যন্ত আধা শতকের আলজেরিয়ার ইতিহাসকে তুলে ধরে। উপন্যাসের কেন্দ্রে রয়েছেন একজন খ্যাতনামা চোখের চিকিৎসক ও তার স্বামী। তার স্বামী হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা চিকিৎসক। দুজন মিলে মৃত ব্যক্তিদের কর্নিয়া চুরি করে চিকিৎসকের ক্লিনিকে বিক্রি করেন। কিন্তু স্বামী খুন হওয়ার পর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের সম্পর্কের নানা গোপন রহস্য প্রকাশ পেতে থাকে। একই সময়ে শহরের অন্যপ্রান্তে স্বাধীনতা সংগ্রামের প্রবীণ যোদ্ধারা ফরাসি ঔপনিবেশিকদের সহযোগিতা করার মিথ্যা অভিযোগ থেকে নিজেদের মুক্তির দাবি জানাতে থাকে।

বিজ্ঞাপন

উপন্যাসের প্রধান চরিত্র ‘আকিলা’ শুধু রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তাদের বাঁচাতে চান না; তিনি এমন একটি সমাজকেও বাঁচাতে চান, যে সমাজ নিজের কঠিন বাস্তবতাকে সত্যিকার অর্থেই দৃষ্টির আড়াল করে রেখেছে। উপন্যাসের শুরুতে একটি অপরাধের তদন্তকে বৃহত্তর একটি সামাজিক অপরাধ ও কয়েক দশকের সামাজিক অসুস্থতা বোঝার প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হয়েছে।

২০২৬ সালের IPAF-এর চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় ছয়টি উপন্যাস ছিল : The Origin of Species- আহমদ আবদুল লতিফ, মিসর, The Absence of Mai- নাজওয়া বারাকাত, লেবানন, A Cloud Above My Head- দোয়া ইব্রাহিম, মিসর, The Seer- দিয়্যা জুবাইলি, ইরাক, I Resist the River’s Course- সাঈদ খতিবি, আলজেরিয়া এবং Siesta Dream- আমিন জাওয়ি, আলজেরিয়া। এর মধ্যে I Resist the River’s Course উপন্যাসের জন্য সাঈদ খতিবি ২০২৬ সালের IPAF পুরস্কার বিজয়ী হন।

IPAF-এর বিচারকমদের সভাপতি মোহাম্মদ এলকাদি জানান, বিজয়ী নির্বাচনের সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল। তিনি উপন্যাসটির গভীর বিষয়বস্তু ও অভিনব নির্মাণশৈলীর প্রশংসা করেন। তার মতে, চিন্তার দিক থেকে গভীর এবং নির্মাণশৈলীতে শক্তিশালী উপন্যাস এটি। উপন্যাসটি জটিল কাহিনি ও চরিত্রগুলোর গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে ভারসাম্য তৈরি করেছে। তার মতে, খতিবি অতীতের বর্ণনা করার পাশাপাশি, ভবিষ্যতেরও একটি রূপরেখা নির্মাণ করেছেন।

IPAF ২০২৬-এর বিচারক হিসেবে এলকাদির সঙ্গে ছিলেন ফিলিস্তিনি লেখক ও অনুবাদক মায়া আবুল হায়াত, বাহরাইনি শিক্ষাবিদ ও সমালোচক ধেয়া আল কাবি, দক্ষিণ কোরিয়ার শিক্ষাবিদ লাইলা হিওন বায়েক এবং ইরাকি লেখক ও অনুবাদক শাকির নুরি।

গ্রন্থনা : সাহিত্য সাময়িকী টিম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন