হরমুজ নিয়ে কালাসের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলল ভিয়েনার ইরানি দূতাবাস

আমার দেশ অনলাইন

হরমুজ নিয়ে কালাসের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলল ভিয়েনার ইরানি দূতাবাস
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে অস্ট্রিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। হরমুজ প্রণালি সংকট বিষয়ে তার অবস্থানের জন্য তাকে ভণ্ডামির দায়ে অভিযুক্ত করেছে এই দূতাবাস। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

কালাস চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে আলোচনায় প্রণালীতে টোলমুক্ত নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারকে একটি জরুরি অগ্রাধিকার বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ইরানের বেসামরিক জাহাজে হামলার কারণে ওই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টে ইরানের দূতাবাস কালাসের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দেয়। তারা অভিযোগ করে, ইইউ নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলা উপেক্ষা করে ইরানের সম্পূর্ণ আত্মরক্ষামূলক পদক্ষেপ-এর সমালোচনা করছেন।

দূতাবাসটি তাকে আইনি ভিত্তিতেও চ্যালেঞ্জ করে আরো জানায়, কালাস ইরানকে জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনসিএলওএস) মেনে চলার আহ্বান জানালেও ইরান এই চুক্তির সদস্য নয়—এ বিষয়টি তিনি উপেক্ষা করেছেন।

তীব্র ভাষায় দূতাবাস প্রশ্ন তোলে, ‘তার আশেপাশে কেমন উপদেষ্টা আছেন? একদল মেরুদণ্ডহীন ‘হ্যাঁ-মানুষ’, যারা ট্রাম্পের চারপাশের তোষামোদকারীদের মতোই।’

এছাড়া ইরান দাবি করে, তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চলেছে। তবুও তাদের ‘শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন