‘এটি শান্তি আলোচনা নয়, বরং চাপের লড়াই’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

‘এটি শান্তি আলোচনা নয়, বরং চাপের লড়াই’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনাকে ‘শান্তি আলোচনা’ হিসেবে দেখতে নারাজ কৌশলগত বিশ্লেষক ও ‘অফ দ্য রেকর্ড স্ট্র্যাটেজিস’-এর প্রতিষ্ঠাতা মার্ক ফাইফেল।

তার মতে, দুই পক্ষই এখন চাপের কৌশল ব্যবহার করছে, এটা দেখতে যে, কে আগে নতি স্বীকার করে।

বিজ্ঞাপন

মার্ক ফাইফেল বলেন, ‘এগুলো কোনো শান্তি আলোচনা নয়, এগুলো হলো চাপের লড়াই (প্রেশার টকস)।’

তিনি বিশ্লেষণ করে জানান, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা, নৌ-শক্তি এবং অবরোধের মাধ্যমে চাপ সৃষ্টি করছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালির ভেতর থেকে পাল্টা চাপ দিচ্ছে, যা পুরো প্রক্রিয়ায় অনিশ্চয়তা, ভয় এবং বিঘ্ন সৃষ্টি করছে।

ফাইফেলের মতে, ‘এটি মূলত একটি প্রতিযোগিতা, যেখানে দেখা হচ্ছে কোনো পক্ষ নিয়ন্ত্রণ না হারিয়ে কতক্ষণ এই চাপ সহ্য করতে পারে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিষয়টি এখন ‘অপেক্ষা করো এবং দেখো’ এমন কৌশলে দাঁড়িয়েছে। অনেক বিকল্প এখন হাতের বাইরে থাকায় মার্কিন নেতা মূলত ইরান সরকারের ধৈর্যচ্যুতির অপেক্ষায় আছেন।

বিশ্লেষক ফাইফেল আরো উল্লেখ করেন, ইরান বর্তমানে প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কূটনীতি যে গতিতে এগোচ্ছে, তার চেয়ে দ্রুত ধস নামছে ইরানি রিয়ালের। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার প্রায় ১৮ লাখ ৪০ হাজারে ঠেকেছে।

তিনি জানান, ইরানে রুটি ও ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ২০০ শতাংশ ছাড়িয়ে গেছে এবং সামগ্রিক মূল্যস্ফীতি প্রায় ৫০ শতাংশে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের একটি ফাঁস হওয়া গোয়েন্দা মূল্যায়নে ট্রাম্পের অবস্থান কিছুটা জটিল হয়ে পড়েছে। ওই মূল্যায়নে পূর্বাভাস দেওয়া হয়েছে, ইরান এই পর্যায়ের চাপ আরো কয়েক মাস সহ্য করার সক্ষমতা রাখে।

ফাইফেলের মতে, ‘এর পরের ধাপে ট্রাম্প কী পদক্ষেপ নেবেন, তা এখনও অনিশ্চিত।’

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন