জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জার্মানির পরাজয়, দায়ী ইসরাইল নীতি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জার্মানির পরাজয়, দায়ী ইসরাইল নীতি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ছবি: আল-জাজিরা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে হেরে গেছে জার্মানি। ইউরোপীয় দেশগুলোর জন্য নির্ধারিত দুটি রোটেটিং আসনের এই লড়াইয়ে জার্মানিকে হারিয়ে জয়ী হয়েছে পর্তুগাল ও অস্ট্রিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রয়োজনীয় ভোট না পেয়ে এই দৌড় থেকে ছিটকে যায় দেশটি।

ভোটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল মন্তব্য করেছেন, ইউক্রেন ও ইসরাইলের প্রতি বার্লিনের প্রকাশ্য সমর্থন এই পরাজয়ের পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।

বিজ্ঞাপন

জোহান ওয়াডেফুল বলেন, ‘আমরা সবসময়ই কিছু নির্দিষ্ট ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছি, আর এই অবস্থানগুলো সব সদস্য রাষ্ট্র একইভাবে সমর্থন করে না।’

তিনি আরো বলেন, ‘মধ্যপ্রাচ্য সংকটে জার্মানিকে সবসময়ই ইসরাইলের জন্য একটি বিশেষ দায়িত্ব পালন করতে হয়, যা হয়তো ভোটের ক্ষেত্রে আমাদের কিছুটা পিছিয়ে দিয়েছে।’

নিরাপত্তা পরিষদের এই নির্বাচনে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে পর্তুগাল ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া ১৩১ ভোট পেয়ে জয়ী হয়। এর বিপরীতে জার্মানি পেয়েছে ১০৪টি ভোট।

উল্লেখ্য, জার্মানি এর আগে মোট ছয়বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে।

এবারের নির্বাচনে অন্যান্য অঞ্চলের মধ্যে আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এবং ক্যারিবীয় অঞ্চল থেকে ত্রিনিদাদ ও টোবাগো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অন্যদিকে, এশিয়া অঞ্চলের আসনে ফিলিপাইনকে ১৪৩-৪৯ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছে কিরগিজস্তান।

নবনির্বাচিত এই সদস্যরা ২০২৭ সালের শুরু থেকে দুই বছর মেয়াদে জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী এই সংস্থায় দায়িত্ব পালন করবে। ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী ৫টি সদস্য দেশ হলো-চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন