মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বদলেছে নৌপথ

দক্ষিণ আফ্রিকায় বাড়ছে তিমি-জাহাজ সংঘর্ষের আশঙ্কা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দক্ষিণ আফ্রিকায় বাড়ছে তিমি-জাহাজ সংঘর্ষের আশঙ্কা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক নৌপথে বড় ধরনের পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়ছে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় জলসীমায় থাকা তিমির ওপর। গবেষকদের মতে, এই অঞ্চলে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তিমির সঙ্গে জাহাজের সংঘর্ষের আশঙ্কাও বাড়ছে।

সম্প্রতি আন্তর্জাতিক তিমি কমিশনের (ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন) এক বৈঠকে উপস্থাপিত এক গবেষণাপত্রে বলা হয়, দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূল বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ তিমি আবাসস্থল হিসেবে পরিচিত। একই সঙ্গে এটি এখন ক্রমবর্ধমান ব্যস্ত নৌপথেও পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

গবেষণায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের নভেম্বরে ইয়েমেন উপকূলের কাছে হুথিদের হাতে একটি ব্রিটিশ মালিকানাধীন যানবাহনবাহী জাহাজ ছিনতাইয়ের পর অনেক আন্তর্জাতিক জাহাজ লোহিত সাগরের পথ এড়িয়ে চলতে শুরু করে। ফলে জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে চলাচল করতে হচ্ছে।

এ ছাড়া হরমুজ প্রণালিতে চলমান অস্থিতিশীলতা ও অবরোধ পরিস্থিতির কারণেও অনেক শিপিং কোম্পানি বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার জলপথ ব্যবহার করছে।

গবেষক এলস ভারমিউলেন জানান, দক্ষিণ আফ্রিকার উপকূলীয় জলসীমায় তিমির বিচরণক্ষেত্র ও জাহাজ চলাচলের পথের মধ্যে ‘ব্যাপক স্থানিক ওভারল্যাপ’ তৈরি হয়েছে, যা সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে।

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, চলতি বছরের ১ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন গড়ে ৮৯টি বাণিজ্যিক জাহাজ দক্ষিণ আফ্রিকার জলপথ ব্যবহার করেছে। অথচ একই সময়ে ২০২৩ সালে এ সংখ্যা ছিল গড়ে ৪৪টি।

গবেষকদের আশঙ্কা, পরিস্থিতি দীর্ঘমেয়াদে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তিমির মতো ধীরগতির ও সংবেদনশীল প্রাণীর জন্য এই বাড়তি নৌচাপ বড় হুমকি হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন