গাজীপুরে ৫ বছরের শিশু হত্যা, আসামির মৃত্যুদণ্ড

গাজীপুরে ৫ বছরের শিশু হত্যা, আসামির মৃত্যুদণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে পাঁচ বছরের শিশু মুসা আহমেদ রাফিকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় মহির উদ্দিন (৪৩) ওরফে মহরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মহির উদ্দিনকে জেলহাজত থেকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কোনাচীপাড়া এলাকার মৃত তমছের আলীর ছেলে।

মামলার অভিযোগ ও সাক্ষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন সকাল ১০টার দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় কালামপুর এলাকার সোহাগপল্লীর উত্তর পাশে একটি সীমানাপ্রাচীরের ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিশুটির গলায় তার ব্যবহৃত বেল্ট বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে লাশের সুরতহাল শেষে দন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. শামীম মীর বাদী হয়ে ২০২৩ সালের ২৭ জুন কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আরিফুর রহমান জানান, আদালতে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের আদেশে বলা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদন না পাওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি আইন অনুযায়ী উচ্চতর আদালতে আপিল করার সুযোগ পাবেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন