ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ বা আলোচনার অর্থ কখনোই আত্মসমর্পণ নয়। তিনি স্পষ্টভাবে জানান, ইরান চাপের মুখে নতি স্বীকার করবে না। খবর সিএনএনের।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “আমরা শত্রুর সামনে কখনো মাথা নত করব না, এবং যদি সংলাপ বা আলোচনার কথা ওঠে, তার মানে আত্মসমর্পণ বা পিছু হটা নয়।” তিনি আরও যোগ করেন, আলোচনার মূল উদ্দেশ্য হলো ইরানি জাতির অধিকার রক্ষা করা এবং জাতীয় স্বার্থকে দৃঢ়ভাবে সমুন্নত রাখা।
এদিকে ইরানের সংসদের নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, “সময় আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে” এবং যুক্তরাষ্ট্রের উচিত “চোরাবালিতে আরও গভীরে না যাওয়া”। তিনি ইঙ্গিত দেন যে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।
অন্যদিকে সংসদের ডেপুটি স্পিকার নিকশাদ বলেছেন, যুক্তরাষ্ট্র “একটি শক্তিশালী ইরানের বিরুদ্ধে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে” এবং এর পরিণতি তাদের মেনে নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে সীমিতভাবে সাড়া দিয়েছে, যা পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো হয়। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওই বার্তায় রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রস্তাবিত কাঠামোর ভিত্তিতে আলোচনার এই পর্যায় মূলত এই অঞ্চলে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের ওপর কেন্দ্রীভূত হবে। তবে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


