ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সরকারি বাহিনীর হামলার জেরে সেখানে অবতরণ করতে না পেরে একটি ইরানি বিমান পশ্চিম উপকূলের হুদায়দাহ বিমানবন্দরে অবতরণ করেছে। ঘটনাটি দেশটির চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে।
আনাদোলু এজেন্সির বরাতে ইরানি গণমাধ্যম জানায়, সোমবার (১৩ জুলাই) হুতি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েমেনি সরকারি বাহিনী হামলা চালায়। ওই সময় সানায় অবতরণের কথা থাকলেও পরিস্থিতির কারণে ইরানি বিমানটি গন্তব্য পরিবর্তন করে হুদায়দাহ বিমানবন্দরে নামতে বাধ্য হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, দিনের শুরুতেই সানা বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা হওয়ায় বিমানটির ফ্লাইট পরিকল্পনা পরিবর্তন করা হয় এবং সেটিকে হুদায়দাহে অবতরণ করানো হয়।
এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে, হুতি বিদ্রোহীরা দেশের নিজস্ব বিমানগুলোকে সানা বিমানবন্দরে নামতে বাধা দিলেও ইরানের একটি বিমানকে দেশটির আকাশসীমা ও সার্বভৌমত্বের বিষয়টি উপেক্ষা করে অবতরণের অনুমতি দেয়। সরকারের দাবি, এই ঘটনার প্রতিক্রিয়াতেই সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সানা বিমানবন্দরে হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির মুখোমুখি হতে হবে এবং এর প্রতিক্রিয়া ছাড়া বিষয়টি শেষ হবে না।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইসরাইলের কারাগারগুলোতে মুসলিমদের হত্যা-নির্যাতন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে