ইরানে আবারো রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলার পর যুক্তরাষ্ট্র এই অভিযান চালায়।
রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিয়েছেন।
তবে তিনি জানিয়েছেন, আলোচনার পথ এখনো খোলা রয়েছে।
ইরান জানিয়েছে, অননুমোদিত পথে চলাচলকারী একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার শিকার জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সি। হামলায় জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে। নভেম্বরের আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে।
ইরান বলেছে, বেশ কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে।
আইআরজিসি জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা হামলা শুরু করে।
ইরান তাদের বিবৃতিতে বলেছিল, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দক্ষিণাঞ্চলের আসালুয়েহ ও বন্দর-ই-দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়েরে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর আসালুয়েহে বিস্ফোরণ হয়েছে চারটি।
এ ছাড়া বন্দরনগরী আব্বাস ও সিরিকে তিনটি করে বিস্ফোরণ হয়েছে। আর বন্দরনগরী চাবাহারে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। দক্ষিণের হরমুজগান প্রদেশের বন্দরনগরী জাসকে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর-ই-মাহশহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এর আগে ইরান আজ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে চলাচল করছিল। জাহাজটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়।
তবে জাহাজটি সম্পর্কে আইআরজিসির নৌবাহিনী বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
আইআরজিসির ভাষ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

