হোম > আমার দেশ স্পেশাল

বেশি ক্ষতিপূরণের আশায় ভবন নির্মাণের হিড়িক ফসলি জমিতে

বড়পুকুরিয়া কয়লাখনি সম্প্রসারণে জমি অধিগ্রহণ

বাদশাহ ওসমানী, রংপুর ও মাহফিজুল ইসলাম রিপন, পার্বতীপুর (দিনাজপুর)

আমার দেশ গ্রাফিক্স

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির সম্প্রসারণে জমি অধিগ্রহণের খবরে এলাকায় বদলে যাচ্ছে কৃষিজমির চিত্র। বিস্তীর্ণ ফসলিজমির মাঝখানে গড়ে উঠছে তিন-চারতলা বহুতল ভবন। ভবনগুলোর বেশির ভাগই জনশূন্য ও তালাবদ্ধ। নেই বিদ্যুৎ সংযোগ, চলাচলের উপযোগী পাকা রাস্তা। জমির আইল ধরে হেঁটে এসব ভবনে যেতে হয়। ভবনের চারপাশে নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা কিংবা নাগরিক সুবিধা। এর মধ্যেও থেমে নেই নির্মাণকাজ। প্রতিনিয়ত নিত্যনতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় পরিকল্পিতভাবে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। এ কাজে কয়লা খনির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।

অভিযোগ রয়েছে, খনির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জমির মালিকদের সঙ্গে যোগসাজশ করে বেনামে বা দালালের মাধ্যমে এসব নির্মাণকাজে বিনিয়োগ করছেন। শুধু তাই নয়, ভবনগুলোর তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়ছেন সাংবাদিকরাও। ফলে কৃষিজমির বুকে গড়ে ওঠা এসব বহুতল ভবনের পেছনে কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে অর্থায়ন করছেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট অফিসের এক কর্মকর্তা বলেন, মূলত জমির মালিকরা খনির কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে কৃষিজমিতে কোনো নকশা বা ডিজাইন ছাড়াই দুই থেকে চারতলা পর্যন্ত ভবন নির্মাণ করছেন। উদ্দেশ্য, জমি অধিগ্রহণের সময় বেশি ক্ষতিপূরণ আদায় করা। বাড়তি আয়ের আশায় খনির কিছু কর্মকর্তা জমির মালিকদের এভাবে ব্যবহার করে নিজেরাও লাভবান হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

১৯৮৫ সালে এখানে কয়লা খনি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত খনির জন্য ৭৯২.৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খনি সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর উত্তর দিকে আরো ৩০০ একর এবং চলতি বছরের ২০ মে পূর্ব-দক্ষিণ দিকে আরো ১.৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)।

জমি অধিগ্রহণের আগে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। স্থানীয়দের দাবি, অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই খনির উত্তরাঞ্চলীয় গ্রামগুলোতে কৃষিজমি ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রবণতা বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, অধিগ্রহণের সময় বসতবাড়ি ও স্থাপনার বিপরীতে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই কৃষিজমিতে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। বিল্ডিং কোড, নকশা অনুমোদন ও নিরাপত্তাবিধি উপেক্ষা করে ইতোমধ্যে দুই শতাধিক তিন-চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবনের মালিকদের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আন্দোলনের নেতা, বর্তমান ইউপি চেয়ারম্যান, কয়লা খনির ২২ কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা এবং স্থানীয় প্রভাবশালীরাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন-চারতলা ভবন নির্মাণের ক্ষেত্রে পার্বতীপুর উপজেলা ইমারত ভবন নকশা কমিটি এবং হামিদপুর ইউনিয়ন পরিষদের অনুমোদন প্রয়োজন। উপজেলা ইমারত ভবন নকশা কমিটির সদস্যরা হলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তবে উপজেলা ইমারত ভবন নকশা কমিটির সদস্যদের দাবি, এসব ভবন নির্মাণের অনুমোদনের জন্য কেউ আবেদন করেননি।

অন্যদিকে, হামিদপুর ইউনিয়ন পরিষদ জানিয়েছে, ২০২৪ সালে সীমিত পরিসরে কিছু ভবন নির্মাণের অনুমতি দেওয়া হলেও এরপর আর কোনো অনুমোদন দেওয়া হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি গ্রামে সারি সারি বহুতল ভবন গড়ে উঠেছে। দূর থেকে দেখলে মনে হবে কোনো শহরের আবাসিক এলাকা। অথচ এসব ভবন দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ ফসলিজমির মাঝখানে। অধিকাংশ ভবনই জনশূন্য, নেই বিদ্যুৎ সংযোগ, চলাচলের উপযোগী রাস্তা কিংবা ন্যূনতম নাগরিক সুবিধা।

বাঁশপুকুর ও কাজীপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, তিন-চারতলা ভবনের অধিকাংশেই কেউ বসবাস করেন না। শুধু ক্ষতিপূরণের আশায় এসব ভবন তৈরি করে রাখা হয়েছে। সরকারের উচিত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিচিত কেউ ছবি বা ভিডিও ধারণ করতে গেলেই বাধা দেওয়া হয়। এমনকি সাংবাদিকদের তথ্য সংগ্রহেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

তাদের দাবি, জমি অধিগ্রহণের নামে কেউ যেন অবৈধভাবে বাড়তি সুবিধা নিতে না পারেন, আবার প্রকৃত ক্ষতিগ্রস্তরাও যেন ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সম্প্রতি কৃষিজমিতে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগ তদন্তে খনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফারাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলমসহ জেলা প্রশাসন ও খনির কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। এ সময় ড্রোনের মাধ্যমে ভবনগুলোর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হলেও ভবন মালিকদের বাধার কারণে তা সম্ভব হয়নি।

চলমান একটি নির্মাণকাজে নিয়োজিত এক রাজমিস্ত্রি জানান, প্রায় ৩০ শতক জমির ওপর একটি দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির মালিক কয়লা খনির এক কর্মকর্তা।

পার্বতীপুর উপজেলা প্রশাসনের দাবি, সাম্প্রতিক জরিপে খনির ২২ কর্মকর্তা-কর্মচারীর ভবনের অস্তিত্ব পাওয়া গেছে। স্থানীয় দালালচক্রের সহায়তায় এসব বহুতল ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (সারফেস অপারেশন) আবুল কালাম মুহাম্মদ বদরুল আলমের বিরুদ্ধে কয়েকটি ভবন ও গুদামঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো বিল্ডিং বা গুদাম করিনি। আমার স্ত্রীর নামে ওই এলাকায় জমি ছিল। সেখানে তার নামে একটি গুদামঘর রয়েছে।

হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল হক বলেন, ভবন নির্মাণে অনুমতি প্রয়োজন হলেও গ্রামের মানুষ অনেক সময় তা মানেন না। বর্তমানে তিন-চারতলা ভবনের অনুমোদন উপজেলা কমিটির মাধ্যমে দেওয়া হয়।

তিনি জানান, বাঁশপুকুর ও কাজীপাড়া গ্রামে প্রায় ১৫০টি এবং চৌহাটি মৌজায় প্রায় ৫০টি ভবন নির্মাণ করা হয়েছে। মোট প্রায় ২০০টি ভবনের মধ্যে মাত্র ৪০ থেকে ৫০টির হোল্ডিং রয়েছে। প্রায় দুই বছর ধরে এ ধরনের নির্মাণকাজ চলছে।

হামিদপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জাহেদুজ্জামান বলেন, ইউনিয়নের ২৮টি মৌজায় মোট ৯,৫০২ একর জমি রয়েছে। এর মধ্যে কৃষিজমি ৮,৪৯৯ একর এবং অকৃষি জমি ১,০০৩ একর। বহুতল ভবন নির্মাণের কারণে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে।

পার্বতীপুর উপজেলা প্রকৌশলী ও ইমারত ভবন নকশা কমিটির সদস্য মানিক মিঞা বলেন, বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি এলাকায় বহুতল ভবন নির্মাণের অনুমতির জন্য এখন পর্যন্ত কেউ আবেদন করেননি। সবাই নিজেদের ইচ্ছামতো ভবন নির্মাণ করছেন।

বাংলাদেশ পরিবেশ সংগঠন মাপার নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম বলেন, দেশে ছোট-বড় বিভিন্ন ধরনের ভবন ও শিল্পকারখানা নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। কিন্তু এসব নিয়ম উপেক্ষা করে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করা হলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। বিষয়টি সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম বলেন, কৃষিজমিতে অপরিকল্পিতভাবে ভবন বা অবকাঠামো নির্মাণ আইনবহির্ভূত। বর্তমান সরকার কৃষিজমি রক্ষায় গুরুত্ব দিচ্ছে। দেশের জনসংখ্যা বাড়ছে, অথচ আবাদযোগ্য জমির পরিমাণ সীমিত। তাই কৃষিজমি নষ্ট হয় এমন কার্যক্রম বন্ধ করা জরুরি। বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় যেসব কৃষিজমিতে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা উচিত।

এ বিষয়ে বক্তব্য জানতে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলমের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের আলোচনা জোরালো হচ্ছে

চট্টগ্রামে ছাত্রলীগের অস্ত্রভান্ডার অক্ষত, সহিংসতার শঙ্কা

মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

শৌখিন ক্রেতার ভাটা, ভিড় নিত্যপণ্যের স্টলে

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

প্রশ্নের মুখে পরীক্ষার খাতা মূল্যায়নের মান

ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

আকামা সংকট পুঁজি করে সৌদিতে প্রতারণার ফাঁদ