হোম > আমার দেশ স্পেশাল

শৌখিন ক্রেতার ভাটা, ভিড় নিত্যপণ্যের স্টলে

এসএমই মেলা

মেহেদী হাসান

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। গত ২২ নভেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী এই মেলার চতুর্থ দিনে আজ ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। স্টলে স্টলে পণ্য দেখছেন ক্রেতারা, পছন্দের জিনিস কিনছেন, আবার কেউ কেউ দরদাম করে ফিরে যাচ্ছেন। অনেক ক্রেতা পণ্য কেনার পাশাপাশি উদ্যোক্তাদের কাছ থেকে কার্ড ও যোগাযোগের ঠিকানা সংগ্রহ করছেন। তাৎক্ষণিক বিক্রির বাইরে ভবিষ্যতে পণ্য কেনার অর্ডারও দিচ্ছেন কেউ কেউ।

মেলায় একই ছাউনির নিচে সারি সারি সাজানো স্টলগুলোয় উদ্যোক্তাদের আনন্দ ও বিষাদ—উভয়ই দেখা গেছে। কোথাও প্রতিদিন লাখ টাকার পণ্য বিক্রি হচ্ছে আবার কোথাও পাঁচ হাজারও পার হচ্ছে না। ক্রেতার পছন্দ, পণ্যের ধরন, দাম ও পরিচিতির ওপর নির্ভর করেই মূলত তৈরি হচ্ছে বিক্রির এই ব্যবধান। তবে বিক্রি কমবেশি যাই হোক, উদ্যোক্তাদের কাছে মেলাটি শুধু পণ্য বিক্রির জায়গা নয়; বরং নতুন ক্রেতার সঙ্গে পরিচিত হওয়া, পণ্যের প্রচার এবং ভবিষ্যৎ অর্ডার পাওয়ার সুযোগও তৈরি হচ্ছে।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্রির ক্ষেত্রে বড় ব্যবধান থাকলেও স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষণীয়। চামড়াজাত পণ্যের উদ্যোক্তা মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন জানান, তাদের স্টল থেকে গত মঙ্গলবার ৬০ হাজার টাকার উপরে পণ্য বিক্রি হয়েছে। ১০-১৫ বছর আগে বন্ধু দীপঙ্করকে সঙ্গে নিয়ে এ উদ্যোগ শুরু করেন।

তিনি বলেন, পুরোনো উদ্যোক্তাদের পণ্য প্রতিদিন লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ তাদের কিছু নিয়মিত ক্রেতা আছেন, যারা মেলার খবর জেনে সরাসরি স্টলে চলে যান। আমরা নতুন বলে তুলনামূলক কম বিক্রি হচ্ছে, তবে বেশ ভালো হচ্ছে। মেলায় ক্রেতাদের জন্য ১৫-২০ শতাংশ ছাড় দিচ্ছি। আগামী তিন দিন আরো বেশি টাকার পণ্য বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে মানিকগঞ্জ থেকে বাঁশ ও বেতের পণ্য নিয়ে এসেছেন নিখিলচন্দ্র সরকার। বংশপরম্পরায় পাওয়া এই কাজের সঙ্গে যুক্ত তিনি। নিজের বাড়িতেই তৈরি করেন পণ্য। সঙ্গে কাজ করেন চার-পাঁচজন কারিগর। তবে মেলায় তার বিক্রি তুলনামূলক কম। এক দিনে পাঁচ হাজার টাকার পণ্যও বিক্রি হচ্ছে না তার।

কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার বাঁশ ও বেতের তৈরি মোবাইল স্ট্যান্ডের দাম ২৫০ টাকা। কিন্তু ভালো মানের একটি প্লাস্টিকের স্ট্যান্ডের দাম ১০০ টাকার মতো। এরকম আমার সব পণ্যই বাজারের প্লাস্টিকপণ্যের দামের চেয়ে কয়েকগুণ বেশি। এজন্য অনেক ক্রেতা আগ্রহ দেখিয়েও কিনছেন না। এর মধ্যে যারা কিনছেন, তারা শখের বশে। নিত্য ব্যবহারের জন্য ৫০-৬০ টাকায় প্লাস্টিকের পণ্য ছেড়ে ৪০০ টাকার বাঁশ-বেতের পণ্য মানুষ কেন কিনবে? ঐতিহ্যবাহী পণ্য নিয়ে কাজ করলেও বিক্রি নিয়ে হতাশা প্রকাশ করেন নিখিলচন্দ্র।

তবে সব স্টলের চিত্র এমন নয়। জিসান বুটিকসের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিক্রি ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। তার দেওয়া হিসাব অনুযায়ী, মেলার প্রথম দিন ৩৫ হাজার, দ্বিতীয় দিন প্রায় ৭০ হাজার এবং তৃতীয় দিন প্রায় ৯২ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। তার মূল পণ্য বেড কভার ও জামদানি শাড়ি।

এসএমইর প্রতিটি মেলায় অংশ নেন উল্লেখ করে তিনি বলেন, আমার এখানে সাধারণ ক্রেতার পাশাপাশি বিভিন্ন দোকান ও শোরুমের ব্যবসায়ীরা এসে পণ্যের অর্ডার নিচ্ছেন। আমি মূলত পাইকারি ব্যবসা করি। সর্বনিম্ন ছয়টি পণ্য নিলে পাইকারি দাম ধরি। তবে মেলায় সবার জন্য পাইকারি দরে বিক্রি করছি। কারণ, এখানে আসা শুধু পণ্য বিক্রির জন্য নয়; ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়াই বড় লক্ষ্য।

ময়মনসিংহের উদ্যোক্তা ফাহমিদা তানজিমের স্টলে রয়েছে দেশীয় পোশাক, গহনা ও হস্তশিল্পের পণ্য। ২০১১ সাল থেকে এসব পণ্য নিয়ে কাজ করছেন তিনি। তার দেওয়া তথ্যানুযায়ী, মেলায় প্রতিদিন গড়ে ৪০ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। বিক্রির পাশাপাশি অর্ডারও পাচ্ছেন তিনি। ঢাকার উত্তরা এবং ময়মনসিংহে তার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে সুবিধাবঞ্চিত নারীদের কাজ শেখানোর পাশাপাশি তাদের তৈরি পণ্যও বিক্রি করেন তিনি।

দেশীয় তাঁতপণ্য নিয়ে কাজ করা সলজের উদ্যোক্তা সাইমা সুলতানা স্নিগ্ধার বিক্রিও প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকার উপরে। শাড়ি, থ্রিপিস, কুর্তি, কটি, স্কার্টসহ নানা ধরনের পোশাক রয়েছে তার স্টলে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী পোশাক তৈরি বা কাস্টমাইজ করার ব্যবস্থাও আছে। তবে মেলায় ক্রেতারা শোরুমের তুলনায় বেশি ছাড় আশা করেন বলে জানান তিনি। তার প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তাঁতপণ্যের নকশা ও উৎপাদন প্রক্রিয়ার কারণে সব পণ্যে ক্রেতাদের প্রত্যাশামতো ছাড় দেওয়া সম্ভব হয় না বলেও জানান স্নিগ্ধা।

কৃষি যন্ত্রপাতির স্টলেও রয়েছে ক্রেতাদের আগ্রহ। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ থেকে আসা জনতা ইঞ্জিনিয়ারিংয়ের সেলস ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, তাদের স্টলে পাঁচ হাজার টাকার স্প্রে মেশিন থেকে সাত লাখ টাকার ভাসমান মাছের খাবার তৈরির যন্ত্র রয়েছে। মেলা থেকে সরাসরি বিক্রি করা হচ্ছে না। এখান থেকে অর্ডার নেওয়া হচ্ছে। ক্রেতাদের পণ্য কুরিয়ারের মাধ্যমে সরোজগঞ্জ থেকে পাঠানো হবে। চায়না চপার, মিনি পাওয়ার টিলার ও পেঁয়াজ সংগ্রহের যন্ত্রের অর্ডার বেশি আসছে বলে জানান তিনি।

মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

প্রশ্নের মুখে পরীক্ষার খাতা মূল্যায়নের মান

ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

আকামা সংকট পুঁজি করে সৌদিতে প্রতারণার ফাঁদ

দেশে ১৩০ লাখ কোটি টাকার কয়লা মজুত

সংখ্যালঘু কার্ড নিয়ে ফের সক্রিয় আওয়ামী লীগ

নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান