হোম > আমার দেশ স্পেশাল

আওয়ামী তাণ্ডবকে কীভাবে দেখাচ্ছে ভারতীয় গণমাধ্যম

গোপালগঞ্জসহ সারা দেশে সন্ত্রাস

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারতের গণমাধ্যম এবিপি আনন্দতে ছাপানো একটি ছবি।

বাংলাদেশের গোপালগঞ্জে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ নতুন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রকাশ্য সশস্ত্র মিছিল, রাস্তায় অবরোধ, সরকারি সম্পত্তিতে ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় কার্যত অশান্ত হয়ে উঠেছে শেখ মুজিবুর রহমানের পিতৃভূমি।

১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই উত্তেজনা ১৭ নভেম্বর রাতে আরো ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশের একাধিক গাড়ি এবং বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পর বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছে, একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন কীভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করে আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ জানানোর সাহস পাচ্ছে?

ভারতের সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনের ভাষা, শিরোনাম এবং রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতের সংবাদমাধ্যমগুলো গোপালগঞ্জের ঘটনা সম্পূর্ণ এড়িয়ে যায়নি।

ইন্ডিয়া টুডে, দ্য ট্রিবিউনসহ একাধিক সংবাদমাধ্যম ঘটনাগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু সেই প্রতিবেদনগুলোর শিরোনাম এবং উপস্থাপনার ধরন বিশ্লেষণ করলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সশস্ত্র মিছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর হামলাকে কি রাজনৈতিক শক্তি প্রদর্শনের স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে?

ইন্ডিয়া টুডে ‘হাসিনার দল ফের রাজপথে, শক্তি প্রদর্শনের বড় পরীক্ষায় বাংলাদেশে হরতালের ডাক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের রাস্তায় নামাকে একটি বড় রাজনৈতিক শক্তি পরীক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে সশস্ত্র মিছিল, পুলিশ স্টেশনে হামলা, অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের কথাও রয়েছে। কিন্তু শিরোনামে বিশেষ গুরুত্ব পেয়েছে দলটির শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়টি।

১৬ নভেম্বর ইন্ডিয়া টুডের আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ম্যাচেস আউট, অ্যারসন ফায়ারস বার্ন ইন শেখ হাসিনা’স টার্ফ গোপালগঞ্জ অ্যাহেড অব হার রিটার্ন’। প্রতিবেদনে অস্ত্র নিয়ে মিছিল, অগ্নিসংযোগ, পুলিশ প্রশাসনের বদলি এবং বিজিবি মোতায়েনের কথা উঠে এসেছে। অর্থাৎ ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনগগুলোতে সহিংসতার তথ্য একেবারে অনুপস্থিত নয়। বরং সেগুলোকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান এবং বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ের বৃহত্তর প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হচ্ছে।

এখানেই সাংবাদিকতার নিরপেক্ষতা নিয়ে বিতর্কের জায়গাটি তৈরি হচ্ছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি পুলিশ স্টেশন আক্রমণ করে, রাষ্ট্রীয় বাহিনীর গাড়িতে আগুন ধরায়, দেশীয় অস্ত্র নিয়ে জনপথে মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর করে, তাহলে সেই ঘটনাকে শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শনের ভাষায় ব্যাখ্যা করা কতটা যথাযথ? রাজনৈতিক প্রতিবাদ ও সশস্ত্র সহিংসতার মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা প্রয়োজন।

কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ প্রত্যাবর্তনের সম্ভাবনা সংবাদ হতে পারে, কিন্তু সেই প্রত্যাবর্তনের পথে সংঘটিত অপরাধকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখার সুযোগ নেই।

ভারতীয় সংবাদমাধ্যমের এই সংবাদ পরিবেশনের মধ্যে একটি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও উত্থাপিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ভারতের একাংশের সংবাদমাধ্যম শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

শেখ হাসিনার ভারতে অবস্থান, তার প্রত্যাবর্তনের দাবি, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং আওয়ামী লীগের সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা, রাজনৈতিক সহিংসতার শিকার পরিবার, আক্রান্ত পুলিশকর্মী এবং ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির প্রশ্নে একই রকম গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, সেটি নিয়েও আলোচনা প্রয়োজন।

বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমের একটি অংশের প্রতিবেদনে আওয়ামী লীগের প্রকাশ্য অস্ত্রধারী মিছিলকে রাজনৈতিক শক্তি প্রদর্শন হিসেবে তুলে ধরার প্রবণতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দলটির প্রতি এক ধরনের পরোক্ষ রাজনৈতিক বৈধতা তৈরির ঝুঁকি সৃষ্টি করে।

সাংবাদিকতার মূলনীতি হলোÑরাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধকে অপরাধ হিসেবেই তুলে ধরা। গোপালগঞ্জে থানায় আগুন, পুলিশের গাড়ি পোড়ানো, বিজিবির গাড়িতে হামলা এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনাগুলো যদি রাজনৈতিক শক্তি প্রদর্শনের ভাষায় আড়াল হয়ে যায়, তাহলে সেই সংবাদ পরিবেশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই।

বাংলাদেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতির প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের এই নরম অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনকেন্দ্রিক সংবাদ প্রচারের ধরন তাই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

শুল্কহার কমানোর উদ্যোগ নিলেও সুফল পাচ্ছেন না ভোক্তা

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

কথিত ইসলামি জঙ্গি দলের উত্থান যেভাবে

ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-আগুন

কথিত লকডাউনে ২০ জেলায় সন্ত্রাস

চাপের মুখে দিল্লি সফরে যাবেন না প্রধানমন্ত্রী

হামিদ-চুপ্পুর চিকিৎসক এখনো বঙ্গভবনে

২২ ব্যাংকের মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা

ঢাবিতে চার বছরেও চালু হয়নি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি