হোম > আমার দেশ স্পেশাল

ঋণখেলাপিদের সুদিন

রোহান রাজিব

দেশের ব্যাংক খাতে ঋণখেলাপিদের জন্য যেন সুদিন চলছে। প্রায় ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে একের পর এক ছাড় ও বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নামমাত্র ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, পরিশোধে ১৫ বছর পর্যন্ত সময়, বিপুল অঙ্কের সুদ মওকুফ; এমনকি আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিদেরও নতুন ঋণ পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এসব ছাড়ে ঋণখেলাপিদের দায় পরিশোধের সুযোগ বাড়লেও আদায় কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বরং ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির ঋণখেলাপি ব্যাংকারদের ওপর আরো সুবিধা আদায়ে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে ঋণ আদায়ের উদ্যোগের চেয়ে খেলাপিদের সুবিধা সম্প্রসারণই বেশি গুরুত্ব পাচ্ছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে।

বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এক শ্রেণির গ্রাহক বহু আগে ঋণ নিয়ে খেলাপি হলেও নতুন সার্কুলারের দোহাই দিয়ে কোনো ধরনের সুদ পরিশোধ করতে চাইছেন না। উল্টো এ পর্যন্ত পরিশোধ করা সুদের অর্থও ফেরত চাইছেন তারা।

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত জারি করা বিভিন্ন সার্কুলার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতিটি সার্কুলারেই খেলাপি গ্রাহকদের কোনো না কোনোভাবে ছাড় দেওয়া হয়েছে। খেলাপি ঋণের ওপর ব্যাংকের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের নির্দেশনা দেওয়া হয়েছে। মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে। এজন্য ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পুনঃতফসিলের মেয়াদের বাইরে অতিরিক্ত দুই বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। তহবিল ব্যবস্থাপনা ব্যয় (কস্ট অব ফান্ড) শিথিলের সুযোগও রাখা হয়েছে। আয় খাত বিকলন করেও ঋণখেলাপিদের দায় থেকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবশেষে যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ রয়েছে, তাদেরও প্রণোদনা তহবিল থেকে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। অতীতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ নিষ্পত্তি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনসাপেক্ষে সুদ মওকুফের সুযোগ রাখা হয়। পরের সংশোধনীতে এ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেবল পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

শুধু তাই নয়, এসব সার্কুলার জারির পর গ্রাহকরা স্বেচ্ছায় এগিয়ে না এলে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলা হয়েছে। গ্রাহকদের চিঠি দিয়ে এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে এসব সুবিধা নিতে আগ্রহী করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনার সুযোগ নিয়ে খেলাপি গ্রাহকদের কেউ কেউ ঋণের দায় পরিশোধের পরিবর্তে যথেচ্ছ সুবিধা আদায়ে মরিয়া হয়ে উঠেছেন।

আর্থিক খাতের বিশ্লেষক ও ব্যাংকাররা বলছেন, এ ধরনের সুবিধা নতুন নয়। আওয়ামী লীগ সরকারের আমলেই ব্যাংক তথা আর্থিক খাতের স্বার্থবহির্ভূত সুবিধা দেওয়া শুরু হয়। ওই সময় তৎকালীন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নানা অনৈতিক সুবিধা দিতে বিভিন্ন সার্কুলার জারি করা হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে যেসব সার্কুলার জারি করা হয়েছে, সেসব সুবিধা সব দল ও মতের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন সার্কুলারের মাধ্যমে সুবিধা পাওয়া কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

নানা ছাড় দিয়ে ঋণখেলাপিদের উৎসাহিত করা হচ্ছে কি নাÑজানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গ্রাহকদের ঋণ পরিশোধে উৎসাহিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ছাড় দিয়ে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যেই বিভিন্ন সার্কুলার জারি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছেÑঋণ পরিশোধ করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই।

পুনঃতফসিলে ১৫ বছর সময়

২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা দেয় বাংলাদেশ ব্যাংক। গত বছরের জানুয়ারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। কমিটির কাছে প্রায় ১,২০০ আবেদন জমা পড়ে। ৫০ কোটি টাকার বেশি ঋণস্থিতি থাকা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বিবেচনায় ১ শতাংশ ডাউন পেমেন্টে পাঁচ থেকে ১৫ বছর সময়ে পরিশোধের সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর গ্রেস পিরিয়ডও ছিল।

সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া কমিটির মাধ্যমে এভাবে বিশেষ সুবিধা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। পরে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠন নীতিমালা জারি করা হয়। এতে নির্দিষ্ট শর্তে ২ শতাংশ ডাউন পেমেন্টে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। গ্রেস পিরিয়ড রাখা হয় সর্বোচ্চ দুই বছর। নভেম্বরে এ সুবিধার পরিধি আরো বাড়ানো হয়।

এরপর গত ৩১ আগস্ট বড় ঋণগ্রহীতাদের জন্য আরো ছাড় দেয় বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক বা গ্রুপভিত্তিক ঋণস্থিতি ১,০০০ কোটি টাকা বা তার বেশি হলে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রেও সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। আগে বিশেষ সুবিধা নেওয়া গ্রাহকরাও নতুন করে আবেদন করতে পারবেন।

প্রচলিত নিয়মে ঋণ পুনঃতফসিলে সাধারণত সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়। পরিশোধে সর্বোচ্চ সাত বছর সময় এবং এক বছর গ্রেস পিরিয়ড পাওয়া যায়। নতুন সুবিধায় এসব শর্ত অনেকটা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে আবেদনের সময় বকেয়া ঋণের ১ শতাংশ জমা দিতে হবে। বাকি ১ শতাংশ পুনঃতফসিল কার্যকর হওয়ার পরের ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ মোট ২ শতাংশ ডাউন পেমেন্ট দুই ধাপে পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

ব্যাংকাররা বলছেন, ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানত সংগ্রহ করলেও ঋণ পরিশোধের সময় ১০ থেকে ১৫ বছর করা হয়েছে। আবার প্রথম দুই বছর কিস্তি না দেওয়ার সুযোগ থাকায় ব্যাংকগুলোর নগদ অর্থপ্রবাহ ও তারল্য ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে।

এককালীন পরিশোধে সুদ মওকুফ

খেলাপি ঋণ আদায়ে বিশেষ এক্সিট সুবিধাও ধারাবাহিকভাবে শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের ৮ জুলাই এ সুবিধায় ঋণের ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরে পরিশোধের সুযোগ দেওয়া হয়। পরিচালনা পর্ষদের অনুমোদনে আরো এক বছর সময় বাড়ানোর সুযোগও রাখা হয়।

২০২৫ সালের ১০ মার্চ ডাউন পেমেন্ট কমিয়ে ৫ শতাংশ করা হয়। একই বছরের ২৪ নভেম্বর পরিশোধের সময় আরো এক বছর বাড়ানো হয়। ২০২৬ সালের ৭ মে এক্সিট সুবিধার আওতায় থাকা ঋণের শ্রেণিমান পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়। সবশেষ ২৯ জুন নতুন করে বিশেষ এককালীন এক্সিট সুবিধা চালু করা হয়।

এ সুবিধায় খেলাপি গ্রাহক পুরো আসল টাকা একবারে পরিশোধ করলে ব্যাংকের অনুমোদনসাপেক্ষে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা যাবে। এমনকি তহবিল ব্যবস্থাপনা ব্যয়ের চেয়ে বেশি সুদ মওকুফের সুযোগ রাখা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিশেষ পুনঃতফসিল পাওয়া ঋণও এ সুবিধার আওতায় আসবে। স্বল্পমেয়াদি কৃষিঋণ ও সিএমএসএমই খাতের ঋণকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

ঋণ অবলোপনেও শিথিলতা

খেলাপি ঋণ অবলোপনের নিয়মও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ১৯ অক্টোবরের সার্কুলারে টানা দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত থাকার শর্ত শিথিল করে ৩০ দিনের নোটিসে ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়। পরে নোটিসের সময়সীমা কমিয়ে ১০ কর্মদিবস করা হয়। সবশেষ ৩ ডিসেম্বরের সার্কুলারে আংশিক ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়।

খেলাপি হয়েও ঋণ পেয়েছে চার গ্রুপের ৯ প্রতিষ্ঠান

পুনঃতফসিল ও এক্সিট সুবিধার পাশাপাশি পৃথক সার্কুলারের মাধ্যমে খেলাপি থাকা কয়েকটি ব্যবসায়ী গ্রুপের প্রতিষ্ঠানকে নতুন ঋণ ও ঋণপত্র (এলসি) খোলার সুযোগ দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেÑএস আলম, বেক্সিমকো, আবদুল মোনেম ও সিটি গ্রুপের প্রতিষ্ঠান।

চার গ্রুপের মোট ৯টি প্রতিষ্ঠান এ সুবিধা পেয়েছে। এর মধ্যে এস আলম গ্রুপের এসএস পাওয়ার-১ লিমিটেড, বেক্সিমকো গ্রুপের দুটি, আবদুল মোনেম গ্রুপের একটি এবং সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।

আদালতের স্থগিতাদেশ থাকলেও প্রণোদনা

সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ রয়েছে, তারাও কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণ সুবিধা পাবে। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি স্কিমের বাস্তবায়ন নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা শিথিলের পুরোনো ধারা

ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার প্রবণতা নতুন নয়। ২০১৩ সালে ঋণ পুনঃতফসিলের নিয়ম শিথিল করা হয়। এরপর ২০১৫ ও ২০১৮ সালে ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত ও পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়। করোনা মহামারির সময় ২০২০ সালে কিস্তি না দিয়েও ঋণ নিয়মিত দেখানোর সুযোগ ছিল। পরে ২০২১ সালে নির্ধারিত কিস্তির ১৫ শতাংশ এবং ২০২২ ও ২০২৩ সালে অর্ধেক পরিশোধ করলেই ঋণ নিয়মিত রাখার সুযোগ দেওয়া হয়।

তবে এত সুবিধার পরও খেলাপি ঋণ কমেনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে পাঁচ লাখ ৯৭ হাজার ১৪৫ কোটি টাকায় দাঁড়ায়। শতাংশের হিসাবে দেখলে মোট ঋণের ৩২.১৭ শতাংশই খেলাপি।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, গত পাঁচ বছরে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতিতে খেলাপি ঋণ পুনঃতফসিলে ১৫ বছর পর্যন্ত সময় ও সুদ মওকুফের সুযোগ দেওয়া হয়েছে। তবে ব্যাংকগুলোর আমানত স্বল্পমেয়াদি হলেও ঋণ পরিশোধের সময় দীর্ঘমেয়াদি হওয়ায় তারল্য ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে। এ ধরনের অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদি বন্ডের ব্যবস্থা থাকা প্রয়োজন।

তিনি বলেন, নগদ অর্থ আদায়সাপেক্ষে দীর্ঘমেয়াদি পুনঃতফসিল, এক্সিট পলিসি ও শতভাগ প্রভিশন সংরক্ষণ করে মামলা নিষ্পত্তির মাধ্যমে ঋণ অবলোপনের সুযোগ রয়েছে। এসব উদ্যোগে খেলাপি ঋণ কমানো গেলে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে। তবে এককালীন নগদ অর্থ আদায় না হলে সুদ মওকুফের সুবিধা কার্যকর করা কঠিন হবে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখে উদ্যোগ

এদিকে, ঋণখেলাপিদের জন্য ধারাবাহিক ছাড় দেওয়ার পেছনে সরকারের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের পদস্থ কর্মকর্তারা। তাদের ভাষ্য, পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য খেলাপি উদ্যোক্তাদের উৎপাদনে ফেরার সুযোগ দিতে ঋণসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। পাশাপাশি বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত একটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী জানান, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলোÑখেলাপি তালিকা থেকে বের হয়ে উৎপাদনে ফিরতে আগ্রহী উদ্যোক্তাদের প্রয়োজনে চলতি মূলধন দেওয়া, আগ্রহী দ্বিতীয় পক্ষের মাধ্যমে বন্ধ কারখানা চুক্তিভিত্তিক পরিচালনার ব্যবস্থা করা, পুরোনো কারখানায় নতুন পণ্য উৎপাদনের সুযোগ দেওয়া এবং এসবের কোনোটি সম্ভব না হলে কারখানার জমি নতুন উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সরকার পরিবর্তন হলেও ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার প্রবণতা বন্ধ হচ্ছে না। বরং সংস্কারের নামে খেলাপিদের ছাড় পাওয়ার পথ আরো সম্প্রসারণ করা হচ্ছে। খেলাপিদের ছাড় দেওয়ার পক্ষে যুক্তি দেখানো হয়, সুবিধা না দিলে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ও আমদানি ব্যাহত হবে এবং অর্থনীতিতে সংকট তৈরি হবে। কিন্তু এর ফলে ব্যাংক খাতের প্রায় ৩৩ শতাংশ বা ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ হিসেবে আটকে রয়েছে। এই অর্থ উদ্ধার করে নতুন উদ্যোক্তাদের অর্থায়ন করা গেলে কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর বড় সুযোগ তৈরি হতো। অথচ অর্থনীতি সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, ঝড় আসার আগেই যেমন ঘরের ছাদ মেরামত করা উচিত, তেমনি ব্যাংক খাত চরম সংকটে পড়ার আগেই প্রকৃত সংস্কার জরুরি। খেলাপি ঋণ উদ্ধার না করে দীর্ঘমেয়াদে এভাবে ব্যাংকিং ব্যবস্থা চালানো সম্ভব হবে না।

শীতের আগমনী বার্তায় বিদ্যুৎ খাতে স্বস্তি

দক্ষ জনবলের সংকটে বীমা খাত

জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা

জিয়াউলের ঔদ্ধত্য এবং ‘জয় আমাদের হবেই’ ঘোষণার নেপথ্যে কী

পলাতক জেনারেলদের বিরুদ্ধে হয়নি কোর্ট অব ইনকোয়ারি

কথিত ইসলামি জঙ্গি দলের উত্থান যেভাবে

শুল্কহার কমানোর উদ্যোগ নিলেও সুফল পাচ্ছেন না ভোক্তা

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

আওয়ামী তাণ্ডবকে কীভাবে দেখাচ্ছে ভারতীয় গণমাধ্যম

ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে