বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের দাম ক্রমাগত কমছে। প্রধান দুই রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে এ অবস্থার আরো অবনতি হচ্ছে। ফলে বর্তমান বাজারে বৈশ্বিক গড় দরের চেয়ে কম দামে তৈরি পোশাক পাঠাচ্ছে বাংলাদেশ, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক কম। এতে বেশি পণ্য পাঠিয়েও আয়ের অঙ্ক ঠিক রাখা যাচ্ছে না, যার ফলে চলতি বছরের প্রথম ৯ মাসে তৈরি পোশাক রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৪.৫৭ শতাংশ এবং ইইউ থেকে ১১.৯১ শতাংশ আয় কমেছে।
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকরা এ জন্য মৌলিক পোশাকের ওপর অতিনির্ভরতা, কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং অভ্যন্তরীণ অসম প্রতিযোগিতাকে দায়ী করছেন। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি মোকাবিলায় এখনই এ অবস্থা উত্তরণের তাগিদ দিয়েছেন তারা। বাজার বিশ্লেষকরা এ ক্ষেত্রে উদ্যোক্তাদের সবার আগে উন্নত মান ও বৈচিত্র্যময় পোশাক উৎপাদনে জোর দিতে বলেছেন।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মতে, একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ইইউর পরই তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ দেশ হলো বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্যমতে, চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের ইউনিট মূল্য কমে গেছে। ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে পোশাকের প্রতি বর্গমিটারের গড় মূল্য ছিল ৩.১০ ডলার, যা চলতি বছরের একই সময় ০.৯৫ শতাংশ কমে ৩.০৭ ডলারে নেমেছে। তবে আলোচ্য সময়েই বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের গড় ইউনিট মূল্য ২.১৪ শতাংশ বেড়ে ৩.১৮ ডলারে উঠেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামের পোশাকের ইউনিট মূল্য ১.২৫ শতাংশ বেড়ে ৩.৫৯ ডলার, কম্বোডিয়ার ০.৫২ শতাংশ বেড়ে ৩.০৪ ডলার এবং মেক্সিকোর ১৬.১৫ শতাংশ বেড়ে ৪.৭৬ ডলার হয়েছে। তবে চীনের ইউনিট মূল্য ৭.৬৬ শতাংশ কমে ১.৪৮ ডলার এবং ভারতের ১.৮৮ শতাংশ কমে ৩.৪৪ ডলারে দাঁড়িয়েছে। দরপতন ও চাহিদা কমায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় ৪.৫৭ শতাংশ কমে ৬১৩ কোটি ৫৫ লাখ ডলারে নেমে এসেছে।
বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এ ব্যবধান আরো বেশি। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউর বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি কেজির গড় (ইউনিট প্রাইস) আগের বছরের তুলনায় ৬.৫৪ শতাংশ কমে ১৩.৭০ ইউরোতে দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময় বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য ছিল ১৪.৬৫ ইউরো। এ সময়ে বিশ্বব্যাপী ইইউর পোশাক আমদানির গড় ইউনিট মূল্য মাত্র ০.৭৮ শতাংশ কমলেও বাংলাদেশের ক্ষেত্রে এই হার অনেক বেশি ছিল।
একই সময় প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামের ইউনিট প্রাইস ৮.১৮ শতাংশ বেড়ে ২৮.৫৮ ইউরো এবং কম্বোডিয়ার ৮.৪২ শতাংশ বেড়ে ১৮.৩৮ ইউরো হয়েছে। এ ছাড়া তুরস্কের ১.৮২ শতাংশ বেড়ে ২৭.৯০ ইউরোতে দাঁড়িয়েছে। অন্যদিকে চীনের ইউনিট প্রাইস ১.৮০ শতাংশ কমে ১৯.৬৯ ইউরো, ভারতের ১.৪২ শতাংশ কমে ২০.০৫ ইউরো এবং পাকিস্তানের ১১.৩৭ শতাংশ কমে ১০.৯০ ইউরো হয়েছে। ইউনিট মূল্য কমার প্রভাব দেখা গেছে ইইউতে বাংলাদেশের রপ্তানি আয়েও। এ সময়ে বাজারটিতে দেশের রপ্তানি আয় ১১.৯১ শতাংশ কমে ১৩৪ কোটি ৭৭ লাখ ইউরোতে নেমেছে।
ইউরোস্ট্যাট ও ওটেক্সার তথ্যমতে, ইইউর বাজারে ২০২৩ সালে বাংলাদেশের তৈরি পোশাকের গড় মূল্য ছিল কেজিপ্রতি ১৫.৬০ ইউরো। ২০২৪ সালে তা ১৪.৮৭ এবং ২০২৫ সালে আরো কমে ১৪.২৬ ইউরোতে দাঁড়ায়। চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এই দাম আরো কমে প্রতি কেজি ১৩.৭০ ইউরোতে নেমে এসেছে। ইইউর বাজারে পোশাকের বৈশ্বিক গড় মূল্য ১৯.৫৯ ইউরো, যার তুলনায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারেও একই ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। দেশটিতে ২০২৩ সালে বাংলাদেশের পোশাকের গড় মূল্য ছিল প্রতি বর্গমিটার সমতুল্য ইউনিট (এসএমই) ৩.২২ ডলার। ২০২৪ সালে তা ৩.১০ এবং ২০২৫ সালে ৩.০৮ ডলারে দাঁড়ায়। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই মূল্য সামান্য কমে ৩.০৭ ডলারে এসে ঠেকেছে, যা বৈশ্বিক গড় ৩.১৮ ডলারের চেয়েও কম।
শুধু গড় মূল্য কমাই নয়, বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের ইউনিট মূল্যেরও ওঠানামা দেখা গেছে। ২০২৫ সালের মার্চে ইইউর বাজারে বাংলাদেশের পোশাকের গড় ইউনিট মূল্য ছিল কেজিপ্রতি ১৬.১৭ ইউরো। একই বছরের নভেম্বরে তা কমে ১২.৮৯ ইউরোতে নেমে আসে। এক বছরের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের ব্যবধান দাঁড়ায় ৩.২৮ ইউরো। তবে ২০২৬ সালের এখন পর্যন্ত এ ব্যবধান ১.১৭ ইউরোর কাছাকাছি রয়েছে।
রপ্তানিকারকদের মতে, কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং মৌলিক পোশাকের আধিক্যের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে আন্তর্জাতিক বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে না। এ ছাড়া উৎপাদনকারীদের মধ্যে অসুস্থ ও অসম প্রতিযোগিতাও এ সমস্যাকে উসকে দিচ্ছে। অনেক কারখানা উৎপাদন খরচের সমান দামে বা তার কাছাকাছিতে ক্রয়াদেশ নিচ্ছে। মূলত এ প্রক্রিয়াতেই অনেক উদ্যোক্তা কারখানার উৎপাদন চালু রাখছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী টি-শার্ট ও পোলো শার্ট, ট্রাউজার, সোয়েটার এবং ফুলওভারসহ মৌলিক পোশাকপণ্য বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৮০ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববাজারে ৩৮.৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ইপিবি ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিশ্ববাজারে পোশাকের মোট চাহিদার ৫৮.৪ শতাংশ ছিল তুলাবহির্ভূত পণ্যের। এর মধ্যে রয়েছে সিনথেটিক ফ্যাব্রিক ও বিভিন্ন ধরনের মিশ্র সুতা দিয়ে তৈরি পোশাক। বিপরীতে বাংলাদেশের পোশাক রপ্তানির ৭২.৭ শতাংশই ছিল তুলাভিত্তিক পণ্য। এর বড় অংশ জুড়ে রয়েছে মৌলিক নিট পোশাক, টি-শার্ট, ট্রাউজার, সোয়েটার ও আন্ডারগার্মেন্টস।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ইউনিট মূল্য কম হওয়ার অন্যতম কারণ হলো নিম্ন ও মধ্যম দামের পণ্য উৎপাদন। অন্যদিকে পাকিস্তান বাদে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো তুলনামূলক উচ্চমূল্যের পণ্য উৎপাদন করে। দেশের পোশাকের দাম বাড়াতে হলে পণ্যের বৈচিত্র্য ও মানোন্নয়নের পাশাপাশি সংযোগ শিল্পকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, বিশেষ করে ম্যানমেইড ফাইবার ও ফিলামেন্ট ইয়ার্নভিত্তিক কাঁচামাল দেশে উৎপাদনের সক্ষমতা বাড়ানো জরুরি। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানির অপর্যাপ্ততা নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই রপ্তানিমূল্য বাড়াতে হলে এ সমস্যাগুলোর সমাধান করতে হবে।
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানি দীর্ঘদিন ধরে মৌলিক পণ্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ফলে এখানে প্রবৃদ্ধির সুযোগ সীমিত। সে কারণে যেসব বাজারে আমাদের শক্ত অবস্থান রয়েছে, সেখানে আরো আধিপত্য বিস্তারের চেষ্টা না করে সম্ভাবনাময় নতুন বাজারের দিকে মনোযোগ দিতে হবে। একইসঙ্গে মৌলিক পণ্যের বাইরে বৈচিত্র্যপূর্ণ পণ্য তৈরির দিকেও নজর দিতে হবে।