আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। কিন্তু পতিত আওয়ামী সরকারের আমলে এ সম্প্রীতি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চলত।
বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন ঘিরে আতঙ্ক, পূজামণ্ডবসহ তাদের ঘরবাড়ি এবং অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও হামলার বহু ঘটনা ঘটে। আর এসব ঘটনায় ধর্মপ্রাণ মুসলমান, বিরোধী দলের নেতাকর্মী বা জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগ তোলা হতো। এ অজুহাতে বিরোধী মত দমন ও নেতাকর্মীদের নির্যাতন ছিল সাধারণ বিষয়।
অমুসলিমদের বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগ তুলে সংশ্লিষ্ট বিষয়ে অনেক সময় একই সুরে কথা বলত প্রতিবেশী দেশ ভারত ও তাদের আশীর্বাদপুষ্ট আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে বোঝানো হতো, বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মের লোকদের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে সে অবস্থার যেন অবসান হয়েছে। ওই সময়ও ভারতের গণমাধ্যমে বাংলাদেশে ‘সংখ্যালঘু’ নির্যাতন ও তাদের নিরাপত্তাহীনতা নিয়ে বিভিন্ন অপপ্রচার চলে। তবে এ দেশের মানুষ তা ব্যর্থ প্রমাণ করেছে।
বিশেষ করে গত বছর শারদীয় দুর্গোৎসবে দলমত নির্বিশেষে সবাই পূজামণ্ডপের নিরাপত্তায় ছিলেন। এবারও রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্মরণকালের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় দুর্গাপূজা।
এর মধ্য দিয়ে আবারও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ সরকার যে অপপ্রচার চালাত, সেটাও প্রমাণ হয়েছে। এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ শিক্ষা নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতনের যেসব বর্বর ঘটনা ঘটে, সেগুলোরও অবসানের দাবি জানিয়েছে সচেতন মহল।
এবারের দুর্গোৎসবে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর গতকাল শুক্রবার আমার দেশকে বলেন, যেকোনো সময়ের চেয়ে এবার দুর্গোৎসব ভালো ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এবার অনেক উৎসাহ-উদ্দীপনা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, পূজার আগে বিভিন্ন স্থানে ডজনখানেক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও সরকারের কঠোর পদক্ষেপ ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের কারণে পূজার সময় আর কোনো সমস্যা হয়নি।
বাসুদেব ধর বলেন, শুধু সরকার নয়; পাশাপাশি সব রাজনৈতিক দল আমাদের এ উৎসবে সহায়তা করেছে। এটা অবশ্যই ভালো দিক। পুলিশের পাহারা থাকলেই হয় না, রাজনৈতিক সদিচ্ছা লাগে। আওয়ামী লীগ সরকারের আমলে পূজার সময় যেভাবে আতঙ্ক ও অপপ্রচার ছড়ানো হতো এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটত, এবার সে ধরনের কিছু হয়নি।
এর আগে পূজা উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানায়, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী ও প্রশাসনের নানা পদক্ষেপে তারা আশ্বস্ত। সে অর্থে তাদের কোনো উৎকণ্ঠা নেই।
ওই সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, দুর্বৃত্তদের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেটাই দেখতে চাই। আমরা এমন একটি সমাজের অপেক্ষায় আছি; যে সমাজে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমাসহ অন্যান্য ধর্মীয় ও সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে, অসাম্প্রদায়িক পরিবেশে, কোনো ধরনের ভয়ভীতি ও পুলিশি পাহারা ব্যতীত অনুষ্ঠিত হবে।
এক প্রশ্নের জবাবে বাসুদেব ধর বলেন, আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটা কিছু ছড়িয়ে দিয়ে, ধর্ম বিদ্বেষের ভুয়া মিথ্যা একটা বার্তা দিয়ে যে হামলা করা হয়েছে, এটা ২০০৯-১০ সালে শুরু হয়। আমরা নানাভাবে গত ৫৩ বছর ধরে বিচারহীনতার সংস্কৃতি দেখেছি। আমরা চাই না এ সংস্কৃতি অব্যাহত থাকুক।
বিগত সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে আওয়ামী ষড়যন্ত্র প্রসঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আমার দেশকে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিভিন্ন পূজামণ্ডপ ও অন্যান্য উপাসনালয়ে হামলা করে অন্যদের ওপর দায় চাপাত। তাদের পতনের পর এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আছেন, তাদের উপাসনালয়ে নিজেদের নিরাপত্তার পাশাপাশি সাধারণ জনগণও সচেতন হয়েছেন। এখন আর আগের মতো কোনো ষড়যন্ত্রে পা দিচ্ছে না কেউ।
তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্ন অপপ্রচার চালালেও হাটহাজারী মাদরাসার সঙ্গে যে মন্দির আছে, সেখানে দেড়শ বছরের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগে বিভিন্ন স্থানে ‘সংখালঘুদের’ ওপর হামলার নাটক সাজিয়ে আওয়ামী সরকার ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন চালাত।
গত রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পর্যায়ক্রমে মহাসপ্তমী, মহাঅষ্টমী ও কুমারীপূজা, মহানবমী এবং সর্বশেষ বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন করা হয়।
গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন আমার দেশকে বলেন, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা মণ্ডপগুলো এবং ভিড়ের এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়। ট্রাফিক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের সহায়তায় পুলিশ সদস্যরা তৎপর ছিলেন। এছাড়া সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে গুজব ও সহিংসতা প্রতিরোধের চেষ্টা করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে পুলিশ পূজা উদযাপনকে শান্তিপূর্ণ এবং নিরাপদ করতে সাহায্য করেছে।