হোম > আমার দেশ স্পেশাল

নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

এম এ নোমান, নিউ ইয়র্ক থেকে

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনের বাকি আর দুদিন। বর্তমান ঘটনাবহুল বিশ্বে এবারের সম্মেলনে আগামীকাল সোমবার ৮০তম বার্ষিকী উদযাপনের মাধ্যমে শুরু হচ্ছে। পরদিন থেকে চলবে বিশ্বের ১৯৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের মূল বিতর্ক।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট মানবিক সংকট ও বিপর্যয়, গাজায় ইসরাইলের গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে হবে মূল আলোচনা। এছাড়া গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমিয়ে জলবায়ু সংকট মোকাবিলার আহ্বানও থাকবে বিশ্বনেতাদের কণ্ঠে। বাংলাদেশ তুলে ধরবে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়।

জাতিসংঘের এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘একসঙ্গে ভালো : শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি।’ এই অধিবেশন জাতিসংঘের ৮০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে বিশ্বনেতারা বিগত আট দশকের সাফল্য ও ভবিষ্যতের করণীয় তুলে ধরবেন। যেখানে সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে অর্জনগুলোও পর্যালোচনা করা হবে। একই সঙ্গে অধিবেশনে শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের ওপর জোর দেওয়া হবে, যা জাতিসংঘের মৌলিক লক্ষ্যের অংশ।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে অংশ নিচ্ছে বাংলাদেশ

অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আকতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন প্রতিনিধিদলে।

নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য দেবেন ড. ইউনূস। তিনি তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন।

এর পাশাপাশি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিনে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নানা উদ্যোগের বিষয়গুলো তুলে ধরবেন।

এক শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনাসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক ও সাইড ইভেন্টে অংশ নেবেন। জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ—এটা ধরেই সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

সূত্র জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চপর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম বলে জানিয়েছেন সরকারের এক কর্মকর্তা।

তিনি বলেন, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সব অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চপর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেছিলেন। প্রধান উপদেষ্টার ওই প্রস্তাব দ্রুত বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করেছে। ফলে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে একটি রেজুলেশনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের সভাটি আয়োজনের সিদ্ধান্ত নেয়।

২৬ মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ আ.লীগের

চট্টগ্রামে দেড় বছরে ১৮৬ পোশাক কারখানা বন্ধ

প্রথম অধিবেশনই উত্তপ্ত হচ্ছে

১৮ মাস পার হলেও অগ্রগতি নেই জুলাই বিপ্লব সংশ্লিষ্ট মামলাগুলোর

ঋণখেলাপি সংস্কৃতি উত্থানে চার কারণ

শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফারাক্কা দিল্লির কূটনৈতিক অস্ত্র নাকি ঢাকার সার্বভৌমত্বের লড়াই

গ্রাহক টানতে পারছে না স্টারলিংক

পারস্পরিক সহযোগিতায় দেশ পরিচালনা করুন

সিটি করপোরেশন আইনে সংশোধনী আনবে ইসি