হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ

আল-আমিন

প্রতীকী ছবি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীর বাংলাদেশের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে আসছে। এআই দিয়ে এমন ভিডিও ও ছবি তৈরি করা হচ্ছে, যা দেখে কেউ দ্রুত বুঝতে পারবেন না যে এটি ‘ভুয়া’। এটি আগামীতে মানুষের ভোগান্তির কারণ হবে বলে আশঙ্কা করছেন তথ্য ও প্রযুক্তিবিদরা। এআই দিয়ে এমন ছবি, ভিডিও ও কণ্ঠ তৈরি করা সম্ভব হচ্ছে, যা থেকে সাধারণ মানুষের পক্ষে সত্য-মিথ্যা আলাদা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

একই সঙ্গে সাইবার হামলা ও অপরাধ আরো স্বয়ংক্রিয় ও জটিল হবে; কারণ অপরাধীরাও এআই ব্যবহার করবে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, ডেটার নিরাপত্তা এবং এআই মডেলের পক্ষপাত (বায়াস) নিয়েও বড় উদ্বেগ দেখা দিচ্ছে। আইন, নৈতিকতা ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

প্রযুক্তিবিদরা বলছেন, আগামীতে কর্মক্ষেত্রে অনেক কাজের ধরন বদলে যাবে, ফলে নতুন দক্ষতা অর্জন অপরিহার্য হবে। এআইকে ভয় নয়, দায়িত্বশীল ব্যবহার, কার্যকর নিয়ন্ত্রণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধিই হবে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

জানা গেছে, খোদ সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিসে ব্যবহার হচ্ছে এআই। তারা দ্রুত কাজের জন্য এআই ব্যবহার করছেন। এআইয়ের ব্যবহার বাড়লেও এখন পর্যন্ত দেশে এ-সংক্রান্ত কোনো নীতিমালা প্রণয়ন হয়নি। সরকার জানিয়েছে, নীতিমালা তৈরিতে ইউনেস্কোর সহযোগিতা নেওয়া হচ্ছে।

গত ৭ জুলাই আইসিটি টাওয়ারে টেলিকম বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে এআই নীতিমালার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘এআই নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। শিগগির নীতিমালা প্রণয়ন করা হবে।’

এআই আগামী দিনের চ্যালেঞ্জ কি না—বিষয়টি জানতে চাইলে তথ্য ও প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা আমার দেশকে জানান, ‘আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভুয়া তথ্য (মিস-ইনফরমেশন) এবং ডিপ ফেক। এটা মোকাবিলার জন্য মানবসম্পদের ডিজিটাল দক্ষতা বাড়াতে হবে।

এআই নীতিমালা নিয়ে কাজ করা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী দিনে যেমন অসীম সম্ভাবনা তৈরি করবে, তেমনি বড় কিছু চ্যালেঞ্জও সামনে আনবে। ভুয়া তথ্য, ডিপ ফেক ও জনমত প্রভাবিত করার ক্ষেত্রে এর অপব্যবহার বাড়তে পারে। এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভর সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাকে দুর্বল করতে পারে। তাই কার্যকর নীতিমালা, নৈতিকতা ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন।

সূত্র জানায়, এআই দিয়ে তৈরি করা ভিডিও ও তথ্য সাইবার জগতে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি। ভিডিওগুলো ও তথ্য এমনভাবে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, এগুলো অনেকেই আসল ভিডিও বলে মনে করছেন। কেউ কেউ বিভিন্ন সার্চ মেশিনে ভিডিওগুলো যাচাই-বাছাই করছেন। তবে প্রান্তিক পর্যায়ে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে অনেকেই এগুলো আসল ভিডিও বলে বিশ্বাস করছেন। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে দেখা গেছে, শেখ হাসিনা ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সাক্ষাৎ শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন করছেন। ওই ভিডিওটি ভুয়া বলে জানা গেছে।

তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে দেখা গেছে, গত জুলাই মাসে বাংলাদেশে ইউটিউব চ্যানেলে অনেক ভুয়া ভিডিও আপলোড করা হয়েছে। সেগুলো এআই দিয়ে করা হয়েছে। এমন প্রায় এক হাজার ভিডিও আপলোড করা হয়েছে, যেগুলো জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরো অনেক দেশে এআইয়ের অপব্যবহার নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

২০১৬ সালে রাশিয়ার বিরুদ্ধে ৩০ হাজার বট আইডি দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার অভিযোগ বিশ্বব্যাপী আলোচিত হয়। বিষয়টি নিয়ে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক বিপার্টিসান পলিসি সেন্টার ‘প্রিপেয়ারিং ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড আদার চ্যালেঞ্জ টু ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সাইবার স্পেসে বাড়ছে এক ধরনের যুদ্ধ। একে অপরকে নাজেহাল করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে ব্যক্তির অবমাননা ঘটছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা শত শত ফেসবুক পেজে এবং ইউটিউবে আইডি খুলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছেন। এতে দেশে একধরনের বিশৃঙ্খলার আবহ তৈরি হচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকার এআই নীতিমালার জন্য একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি ইউনেস্কোর পরামর্শ নিচ্ছে।

একের পর এক সংকটে বাড়তি চাপে মার্কিন নৌবাহিনী

দ্বিতীয় দফায় কেন ওমানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

মৌসুমি বায়ুর সক্রিয়তায় আবারো বৃষ্টি বাড়বে

ম্যাকাইয়ে ফুরফুরে বাংলাদেশ, লক্ষ্য এবার সিরিজ জয়

ট্রাম্প অস্বীকার করলেও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর অবস্থা শোচনীয়

এজেন্ট ব্যাংকের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২

বিদেশি নাগরিকত্বের দিকে ঝুঁকছেন ভারতীয় ধনকুবেররা

এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৬: সামাজিক উন্নয়নে পাঁচ প্রকল্প বিজয়ী

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের

ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে, অবশেষে গ্রেপ্তার