হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জ

এম আবদুল্লাহ

আওয়ামী ক্যাডার এসকে জিলানী, বোববারের তাণ্ডবের অন্যতম মুখ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ যেন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই জেলাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে। ফ্যাসিবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। বিরুদ্ধ রাজনৈতিক দল ও জুলাইযোদ্ধাদের ওপর আক্রমণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর, এমনকি সেনাবাহিনীর গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো ধৃষ্টতার ঘটনা ঘটেছে এই জেলায়।

পতিত ফ্যাসিস্ট শাসক হাসিনার কথিত দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে তাদের নারকীয় তাণ্ডব নতুন মাত্রা পেয়েছে। এমনকি গোপালগঞ্জকে ‘স্বাধীন’ ঘোষণার ঔদ্ধত্যও দেখিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্রপন্থিরা। অবশ্য এসব নাশকতা ও সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। উসকানি ও সংঘাতের পরিস্থিতি তৈরি হলেও এখনো পর্যন্ত সরকার বা ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কোনো প্রাণঘাতী ফাঁদে পা দেননি। তবে প্রশ্ন উঠেছেÑগোপালগঞ্জে এভাবে বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নেপথ্যে কারা, তাদের শক্তির উৎস কোথায় এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এটি কতটা হুমকি? এই জেলা কী সরকারের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে?

সংশ্লিষ্টরা মনে করেন, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় আমূল পরিবর্তন এলেও শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে একের পর এক সহিংস ঘটনা ঘটে চলেছে। হাসিনা পালিয়ে যাওয়ার দিনই গোপালগঞ্জের স্থানীয় নেতারা তাকে ফেরত আনার ঘোষণা দেয়। ৭ আগস্ট টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিসৌধে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথও নেয়। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের দেড় বছর এবং বর্তমান সরকারের ৯ মাস গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলায় আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। ৫ আগস্টের পরপরই ১০ আগস্ট গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটে। ওই দিন আওয়ামী সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহলদলের ওপর আতর্কিত হামলা চালায়। ঘটনার দিন তারা প্রথমে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনীর দুটি টহলদল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তারা সেনাবাহিনীর দুটি রাইফেল ও ছয়টি ম্যাগাজিন ছিনিয়ে নেয়। হামলায় সেনাবাহিনীর চার কর্মকর্তা ও পাঁচ সৈনিকসহ ৯ জন আহত হন। স্থানীয়দের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হন। পরে টুঙ্গিপাড়াসহ আরো কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে।

জেলাটিতে বড় ধরনের সংঘর্ষ হয় গত বছরের ১৬ জুলাই। ওই দিন জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে রক্তক্ষয়ী হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সমাবেশ শুরুর আগে ও পরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মঞ্চ ভাঙচুর, এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ ও গুলির ঘটনায় পথচারীসহ পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হন। পরিস্থিতি একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পুলিশ ও সেনাসদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন তারা পুলিশ, সেনাবাহিনী ও ইউএনওর গাড়িতে আক্রমণ করে। অনিরাপদ হয়ে পড়েন এনসিপি নেতারা। পরে সেনাবাহিনীর বিশেষ পাহারায় তাদের খুলনায় নেওয়া হয়। ওই ঘটনায় গোপালগঞ্জে দুদিন ১৪৪ ধারা জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে অভিযান চালাতে হয় যৌথবাহিনীকে।

পরে কখনো গোপালগঞ্জ সদর, কখনো টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ পুরো জেলা এবং ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুর সদর ও শিবচর ছাড়াও পদ্মা সেতুর আশপাশে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও ভাঙচুরসহ নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কথিত ধর্মঘটের দিন ও তার আগে গোপালগঞ্জসহ আশপাশে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য চালায় সন্ত্রাসীরা।

সবশেষ গত রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে ভয়াবহ ত্রাস সৃষ্টি করে। তারা দিনভর লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, ট্যাটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তারা গোপালগঞ্জ সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে। ওই দিন বিকালে তারা টুঙ্গিপাড়া থানার এক এসআইকে কুপিয়ে আহত করে। এছাড়া সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন ধরিয়ে দেয়। পার্শ্ববর্তী পিরোজপুর জেলায় গিয়েও এক বিএনপি নেতার বাড়ি জ্বালিয়ে দেয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করেছে সরকার।

এর আগে শনিবার রাতেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি নেতাদের ব্যবসায়িক কার্যালয়েও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল সোমবারও জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।

এদিকে রোববারের তাণ্ডবের পর গোপালগঞ্জের ডিসি ও এসপি এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ওসিকে বদলি করা হয়। গতকাল জেলায় বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও পরিস্থিতি থমথমে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের যেসব চিহ্নিত লোকজন বিদেশে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে, তার বড় একটি অংশ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গোপালগঞ্জ এলাকায় গিয়ে অবস্থান করছে। স্থানীয় জনশক্তির সঙ্গে এসব বহিরাগত যুক্ত হয়ে শক্তি প্রদর্শন করছে। এছাড়া গোপালগঞ্জে কোনো কর্মসূচি পালনের সময় বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুরসহ আশপাশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডাররা যোগ দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সবশেষ তাণ্ডবসহ গোপালগঞ্জের গত দুই বছর তিন মাসের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর প্রস্তুতি ও গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আগে থেকে উত্তেজনা ও হামলার আশঙ্কার তথ্য থাকার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যায়নিÑসে প্রশ্ন সামনে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গোপালগঞ্জ দেশের বিচ্ছিন্ন কোনো জেলা নয়। কাজেই এখানকার ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। গোপালগঞ্জকে সন্ত্রাসী ও সশস্ত্র ক্যাডারদের অভয়ারণ্য নয়, শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে প্রতিষ্ঠা করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে গোপালগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে হবে।

এদিকে, গোপালগঞ্জের চলমান ঘটনার প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার ২০১৩ সালের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বেগম জিয়ার ওই বক্তব্যকে প্রাসঙ্গিক উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ গোপালগঞ্জ জেলা বিলুপ্তির দাবি তুলেছেন। তারা গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন বা জেলাটিকে ভেঙে আশপাশের জেলার সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, ইউটিউবে ভিডিও ছাড়ছেন।

হাসিনার বিনাভোটের নির্বাচনের আগে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে খালেদা জিয়া নয়াপল্টনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তিনি গাড়িতে উঠলেও বাধার মুখে ফেরত আসতে বাধ্য হন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়িতে ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশের একপর্যায়ে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের অফিসার কোথায়? এতক্ষণ তো অনেক কথা বলেছেন....মুখটা বন্ধ কেন এখন? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না।’ এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ করে ‘দেশ কোথায়? গোপালী? বলেও প্রশ্ন করেন।

হাসিনার আমলে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের প্রাধান্য ছিল। গোপালগঞ্জ বাড়ি পুলিশের এমন সদস্যদের, বিশেষ করে রাজধানীতে কর্মরতদের বেশি বাড়াবাড়ি ছিল। কনস্টেবল থেকে শুরু করে পুলিশের সব পর্যায়ে নিয়োগেও গোপালগঞ্জকে অগ্রাধিকার দেওয়া হতো। অভিযোগ রয়েছে, গোপালগঞ্জের কোটা না থাকায় এই জেলার বাসিন্দাদের ভিন্ন জেলার নাগরিক দেখিয়ে পুলিশে চাকরি দেওয়া হয়। পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি ও র‌্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি বিনয় কৃষ্ণ বালা, এসবিপ্রধান মনিরুল ইসলাম, র‌্যাবের ডিজি এম খুরশিদ হোসেন, নূরে আলম মিনা, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়াসহ বেশ কয়েকজন কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়া বেশ কয়েকজন সমালোচিত পুলিশ কর্মকর্তার বাড়ি বৃহত্তর ফরিদপুরে। হাসিনার আমলে গোপালগঞ্জের অধিবাসী কনস্টেবলদের দাপটে বড় বড় কর্মকর্তাও চুপ থাকতে বাধ্য হতেন।

গতকাল এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, গোপালগঞ্জে লগি-বৈঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়টি দলটির দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। এটাই প্রমাণ করে, গোপালগঞ্জ ছাড়া সারা দেশে তাদের কোনো অস্তিত্ব নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানান তথ্যমন্ত্রী।

একই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সারা দেশ থেকে পলাতক আসামি ও সন্ত্রাসীদের জড়ো করে তারা গোপালগঞ্জকেন্দ্রিক শোডাউন দেখিয়েছে। এ বিষয়ে সরকার ধৈর্যধারণ করেছে। কোনো সহিংসতা সরকারের পক্ষ থেকে হয়নি। তবে জনগণের শান্তির প্রয়োজনে যা করণীয়, সরকার তা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঞা গোপালগঞ্জের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে আমার দেশকে বলেন, এটা তো অস্বীকার করার উপায় নেই, ঐতিহ্যগতভাবে গোপালগঞ্জ আওয়ামী লীগ অধ্যুষিত। জায়গাটি শেখ মুজিবের জন্মস্থান। দেশের অন্য জায়গাগুলোর তুলনায় আওয়ামী লীগ সেখানে শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক। তবে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া এবং কার্যক্রম নিষিদ্ধ দলটি আজ যে শক্তি প্রদর্শন করছে, তা হওয়ার কথা নয়। এখানে স্পষ্টত সরকারের ব্যর্থতা রয়েছে। তাদের গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে সক্ষমতা দেখাতে পারেনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোপালগঞ্জে বর্তমান সরকারি দল ও জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোর সাংগঠনিক দুর্বলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সফলভাবে কাজ করতে হলে স্থানীয় জনগোষ্ঠীর সমর্থন প্রয়োজন হয়। কিন্তু গোপালগঞ্জে সে ধরনের সমর্থন দেখা যাচ্ছে না।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মী গোপালগঞ্জে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, নিরাপদ আশ্রয়স্থল হিসেবে চব্বিশের ৫ আগস্টের পর অনেকেই পালিয়ে গোপালগঞ্জে অবস্থান করছে। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিয়ে থাকতে পারে।

সরকার তাদের দমন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মন্তব্য করে ড. হাফিজ বলেন, সন্ত্রাসী গোষ্ঠী যতই শক্তি প্রদর্শন করুক না কেন, সরকারের চেয়ে শক্তিশালী কেউ নয়। কঠোর আইনি পদক্ষেপ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া সরকারের বিকল্প নেই।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান গতকাল গণমাধ্যমকে বলেন, গত দুদিনের তুলনায় বর্তমানে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। জানমালের নিরাপত্তায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

গোপালগঞ্জে কার্যকরভাবে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, নিরপরাদ কোনো ব্যক্তি কোনো ধরনের হয়রানির শিকার হবেন না।

নতুন চুক্তি বা নবায়ন কোনোটিই হচ্ছে না

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী তাণ্ডব

চলতি হিসাবের ঘাটতি বেড়েছে ৬২ শতাংশ

আলোচিত চার মামলার বিচার কত দূর

যন্ত্রপাতি অচল, জোড়াতালিতে চলছে রমেক হাসপাতাল

মাদরাসায় ভয়াবহ শিশু নিপীড়নের শেষ কোথায়

কেমিক্যাল-কীটনাশকে নীল মানবদেহ

স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিট দাবি ঘিরে নানা প্রশ্ন

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

ফ্যাসিস্টদের টার্গেট গ্রামীণ ব্যাংক ও জুলাইযোদ্ধা