হোম > আমার দেশ স্পেশাল > বিশেষ প্রতিবেদন

শ্রেণি পাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা

এম এ আহাদ শাহীন

আমার দেশ গ্রাফিক্স

শ্রেণিকক্ষের পাঠে আস্থার সংকট, ভালো ফলের প্রতিযোগিতা ও সামাজিক চাপ—সব মিলিয়ে প্রাথমিক স্তরেই কোচিং-প্রাইভেটনির্ভর হয়ে পড়ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার পরও অনেক শিশুকে যেতে হচ্ছে কোচিংয়ে, নিতে হচ্ছে গৃহশিক্ষকের সহায়তা। এতে বাড়ছে পরিবারের শিক্ষা ব্যয়, কমছে শিশুদের খেলাধুলা, বিনোদন ও স্বাভাবিক বিকাশের সুযোগ।

সকালে বিদ্যালয়ে যাওয়া, নির্ধারিত সময়ে ক্লাস করা, শিক্ষকদের কাছ থেকে পাঠ নেওয়া—একজন শিক্ষার্থীর নিয়মিত শিক্ষাজীবনের অংশ। কিন্তু বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পরও অনেক শিশুর পড়াশোনা শেষ হয় না। ক্লাসের পর কোচিং, সন্ধ্যায় গৃহশিক্ষক, এরপর বাড়ির কাজ ও পরীক্ষার প্রস্তুতি। প্রাথমিক স্তরের অনেক শিক্ষার্থীর দৈনন্দিন জীবন এখন এমন ব্যস্ত রুটিনে আটকে গেছে।

মালিহা তাবাসসুম নরসিংদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ক্লাস শেষে সে কোচিংয়ে যায়, এরপর সন্ধ্যায় বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়তে হয়। তার বাবা মাইদুল ইসলাম আমার দেশকে জানান, বিদ্যালয়ের পড়াশোনার ওপর পুরোপুরি নির্ভর করার মতো আস্থা তিনি পান না। আবার আশপাশের প্রায় সব শিক্ষার্থীই যখন প্রাইভেট বা কোচিং করছে, তখন নিজের সন্তানকে এসবের বাইরে রাখলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই মালিহার স্কুলে ভর্তির পর থেকেই তিনি গৃহশিক্ষক রেখেছেন।

মালিহার মতো অনেক শিক্ষার্থীর ক্ষেত্রেই বিদ্যালয়ের শিক্ষা এখন আর একমাত্র ভরসা নয়। বরং শ্রেণিকক্ষের বাইরের পড়াশোনা যেন শিক্ষাজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), ইউনিসেফ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (এসএলআইপি)’ মূল্যায়ন প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮.১ শতাংশ শিক্ষার্থী নিয়মিত প্রাইভেট টিউশন নেয়। তাদের মধ্যে ৪৪ শতাংশ সব বিষয়ে গৃহশিক্ষকের সহায়তা নেয়। একক বিষয়ের মধ্যে গণিতে ২৭ শতাংশ, ইংরেজিতে ১৭.৯ শতাংশ এবং বাংলায় ৬.২ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট পড়ে।

ভালো ফলের চাপই বড় কারণ

অভিভাবকদের কোচিং ও প্রাইভেটমুখী হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ভালো ফলের প্রত্যাশা। এসএলআইপি মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, ৩৯.৫ শতাংশ অভিভাবক সন্তানকে ভালো রেজাল্টের জন্য টিউশনে দেন। একাডেমিক দক্ষতা বাড়াতে টিউশন করান ৩৩.৮ শতাংশ। শ্রেণিকক্ষের পাঠদান পর্যাপ্ত নয় বলে মনে করেন ১৩.৩ শতাংশ অভিভাবক। আর অন্যদের দেখাদেখি বা সামাজিক প্রভাবের কারণে সন্তানকে টিউশনে দেন ৯ শতাংশ।

অর্থাৎ, শুধু বিদ্যালয়ের পাঠদানের ঘাটতি নয়, ভালো ফলের প্রতিযোগিতাও এ নির্ভরতা বাড়াচ্ছে। অনেক অভিভাবকের কাছে প্রাইভেট টিউশন এখন সন্তানের জন্য বাড়তি সহায়তা নয়, বরং ভালো ফলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা।

চাপে হারিয়ে যাচ্ছে শৈশব

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের বাইরের পড়াশোনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে খেলাধুলা, বিনোদন ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডের সুযোগ। বিদ্যালয়ের ক্লাসের পর কোচিং এবং গৃহশিক্ষকের পেছনে দিনের বড় অংশ ব্যয় হওয়ায় শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাছুমেরও হাউস টিউটর আছে। তার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী রহমত আলী আমার দেশকে বলেন, সামর্থ্য রয়েছে এমন প্রায় সব অভিভাবকই এখন সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন। বিশেষ করে ঢাকার নামিদামি স্কুলে ভর্তির প্রস্তুতিকে কেন্দ্র করে অনেক শিশুর কোচিং শুরু হয় প্রাথমিকের প্রথম দিকেই। এরপর যত ওপরে ওঠে, কোচিংনির্ভরতাও তত বাড়ে। এটি শুধু ঢাকা নয়, সারা দেশেরই চিত্র।

অভিভাবকদের অনেকেই এ ব্যবস্থাকে ইতিবাচকভাবে না দেখলেও নিজের সন্তানের পিছিয়ে যাওয়ার ভয় থেকে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। ব্যক্তিগত পছন্দের চেয়ে সামাজিক প্রতিযোগিতাই অনেক ক্ষেত্রে অভিভাবকদের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করছে।

শিখন ঘাটতি বাড়াচ্ছে বৈষম্য

শ্রেণিকক্ষের পাঠদানের দুর্বলতার চিত্র বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মূল্যায়নেও উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিক্ষার্থী পড়ার ক্ষেত্রে ন্যূনতম দক্ষতার স্তর অর্জন করতে পারে না। এ পরিস্থিতিতে অনেক অভিভাবক বিদ্যালয়ের পাঠের পাশাপাশি বাড়তি পড়াশোনার ব্যবস্থা করছেন। যেসব পরিবারের আর্থিক সামর্থ্য আছে, তারা কোচিং বা গৃহশিক্ষকের সহায়তা নিতে পারছে। কিন্তু দরিদ্র পরিবারের শিশুদের পক্ষে একই সুযোগ নেওয়া কঠিন। ফলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করছে।

আবার শিক্ষার্থীদের এ বাড়তি পড়াশোনার আর্থিক চাপও কম নয়। এসএলআইপি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রাথমিক শিক্ষার্থীর শিক্ষাবাবদ পরিবারকে মাসে গড়ে অন্তত ১,৫৫০ টাকা ব্যয় করতে হয়। এর উল্লেখযোগ্য অংশ চলে যায় প্রাইভেট টিউশন ও গৃহশিক্ষকের পেছনে। বিদ্যালয়ে পড়ার পরও বাড়তি অর্থ ব্যয় করে শিক্ষা গ্রহণের এ প্রবণতা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের ওপর চাপ তৈরি করছে।

অন্যদিকে এ চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় একটি কোচিং অর্থনীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৪’ অনুযায়ী, দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬,৫৮৭টি। এর মধ্যে ৬,৩১২টি বা ৯৫.৮২ শতাংশ একাডেমিক কোচিং সেন্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির প্রস্তুতিমূলক কোচিং সেন্টার রয়েছে ২৭৫টি।

ক্লাসরুমেই শিখন নিশ্চিতের তাগিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর মনে করেন, কোচিং করানো বা প্রাইভেট পড়ানো শতভাগ নিষিদ্ধ করা উচিত। এ বিষয়ে কঠোর ঘোষণা প্রয়োজন। তবে তার মতে, সমস্যার শিকড় রয়েছে শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতির মধ্যেও। শিক্ষাক্রমে শ্রেণি ও বিষয় অনুযায়ী শিক্ষার্থীদের অর্জনযোগ্য যোগ্যতা সুস্পষ্ট নয়। পরীক্ষার উদ্দেশ্যও শিক্ষক ও অভিভাবকদের কাছে যথাযথভাবে স্পষ্ট করা সম্ভব হয়নি।

তিনি বলেন, পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই করা। এর মাধ্যমে তার শিখন ঘাটতি বা দুর্বলতা শনাক্ত করে তা দূর করার পদক্ষেপ নেওয়া উচিত। এ জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা বিবেচনায় রেখে প্রশ্নপত্র তৈরি করতে হবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশ্ন তৈরির সময় নির্ধারিত যোগ্যতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। গতানুগতিক ধারায় প্রশ্ন করা হয় বলে মুখস্থনির্ভরতা বাড়ে। এ কারণে শিক্ষক বা কোচিংয়ের দেওয়া নোট শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তারিক মনজুর আরো বলেন, ধারাবাহিক বা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করে তা পূরণের ব্যবস্থা নিতে হবে। প্রশ্নপত্র যেন সংশ্লিষ্ট বিষয়ের নির্ধারিত যোগ্যতা যাচাই করতে পারে, সে জন্য শিক্ষাক্রমেও যোগ্যতা সুনির্দিষ্ট করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমার দেশকে বলেন, কোচিংয়ের ওপর শিক্ষার্থীদের নির্ভরশীলতার অন্যতম কারণ হলো বিদ্যালয়ে পাঠদান শেষে অনেক শিক্ষার্থীর শিখন ঘাটতি থেকে যাওয়া। এর সঙ্গে অভিভাবকদের ভালো ফলের প্রত্যাশা এবং পরীক্ষাকেন্দ্রিক প্রস্তুতির প্রবণতাও যুক্ত হয়েছে। এ সমস্যা সমাধানে প্রাথমিক শিক্ষায় কার্যকর মনিটরিং ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, এখন শুধু শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত আছেন কি না, তা নয়; শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কী শিখছে, বাংলা, ইংরেজি ও গণিতে তাদের দক্ষতা কতটুকু, সেটিও সরাসরি যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে বিদ্যালয়েই অতিরিক্ত শিখন সহায়তা, শিক্ষকদের প্রশিক্ষণ ও পাঠদান পদ্ধতির উন্নয়নে কাজ চলছে।

তিনি বলেন, লক্ষ্য হলো শ্রেণিকক্ষেই প্রতিটি শিক্ষার্থীর শিখন নিশ্চিত করা, যাতে কোচিং বা প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীলতা কমে আসে। একটি শিশুর শেখার দায়িত্ব বিদ্যালয়ই যথাযথভাবে পালন করবে; অভিভাবককে বাড়তি অর্থ ব্যয় করে সেই ঘাটতি পূরণ করতে হবে না।

পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আওয়ামী কানেকশনে আতঙ্কে বিএনপি নেতারা

চট্টগ্রামে ছাত্রলীগের অস্ত্রভান্ডার অক্ষত, সহিংসতার শঙ্কা

মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

শীর্ষ ২০ খেলাপি থেকে ঋণ আদায় লক্ষ্যমাত্রার মাত্র ১৭%

কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল

প্রশ্নের মুখে পরীক্ষার খাতা মূল্যায়নের মান

দেশে ১৩০ লাখ কোটি টাকার কয়লা মজুত

হাসিনা আমলের দুর্নীতিবাজ ৯২ মন্ত্রী-এমপির বিচার কতদূর

দক্ষ জনবলের সংকটে বীমা খাত