হোম > সারা দেশ

স্বাদে-গন্ধে অনন্য সুগন্ধার ইলিশ

শফিউল আজম টুটুল, ঝালকাঠি

আমার দেশ গ্রাফিক্স

ঝালকাঠি শহরের দক্ষিণ প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে সুগন্ধা নদী। মিষ্টি পানির এই নদীর দৈর্ঘ্য ২১ কিলোমিটার ও প্রস্থ ৪০০ মিটার। কালের সাক্ষী হয়ে বয়ে চলা নদীটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, দেশজুড়ে পরিচিতি পেয়েছে স্বাদে-গন্ধে অনন্য ইলিশের জন্য। দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী ও সাগরের ইলিশ ঝালকাঠির বাজারে এলেও ক্রেতাদের কাছে সুগন্ধার ইলিশের কদর আলাদা। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, সুগন্ধা নদীতে বছরে প্রায় এক হাজার ২০০ টন ইলিশ উৎপাদিত হয়।

সুগন্ধায় ইলিশ আহরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে শতাধিক জেলে পরিবারের জীবিকা। নদীর উত্তর পাড়ে বসবাসকারী এসব জেলের প্রধান আয়ের উৎস এই ইলিশ। অন্যান্য মাছ ধরলেও বছরের বড় একটি সময় তারা ইলিশ আহরণেই ব্যস্ত থাকেন।

স্বাদের কারণে এ নদীর ইলিশের দামও তুলনামূলক বেশি। স্থানীয় বাজারে এক কেজি ওজনের সুগন্ধার ইলিশের দাম কমপক্ষে তিন হাজার টাকা। ভালো চাহিদা থাকায় বাজারে আসার পর দ্রুত বিক্রি হয়ে যায় এসব মাছ। শুধু স্থানীয় ক্রেতারাই নন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষও সুগন্ধার ইলিশের খোঁজ করেন। আত্মীয়স্বজনের বাসায় পাঠানোর পাশাপাশি বিভিন্ন সময় বড় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের কাছেও উপহার হিসেবে পাঠানো হয় এ নদীর ইলিশ।

তবে সম্প্রতি নদীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় দাম বেড়েছে। ফলে ঝালকাঠি শহরের মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই সুগন্ধার ইলিশ এখন নাগালের বাইরে। জেলেদের আশা, নদীতে ইলিশের আহরণ বাড়লে দামও আবার সাধারণ ক্রেতাদের নাগালে আসবে।

কেন স্বাদে অনন্য

সুগন্ধার ইলিশের স্বাদের সঙ্গে নদীর পানির বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে বলে মনে করেন স্থানীয় জেলে ও মৎস্য কর্মকর্তারা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জেলেরা বলছেন, এ নদীর ইলিশের স্বাদ ও গড়ন অন্য অনেক নদীর ইলিশের চেয়ে আলাদা।

প্রায় ৪০ বছর ধরে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরছেন গোবিন্দ পান্ডে। ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠির জেলেপাড়ার বাসিন্দা তিনি। তার বাবা-দাদাও এ নদীতে মাছ ধরেছেন। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুগন্ধার ইলিশের স্বাদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোবিন্দ পান্ডে আমার দেশকে বলেন, কচা বা বিষখালী নদীর তুলনায় সুগন্ধার ইলিশ বেশি সুস্বাদু ও স্বাস্থ্যবান। এর প্রধান কারণ, এই নদীর পানিতে লবণাক্ততা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে পিরোজপুরের কচা নদী ও বিষখালী নদীর একাংশে লবণাক্ততা বেশি। এ কারণে ওই নদীগুলোর ইলিশের স্বাদ সুগন্ধার ইলিশের মতো নয়।

গোবিন্দ পান্ডে জানান, এক কেজি ওজনের সুগন্ধার ইলিশ তারা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন। স্থানীয় জেলেদের অভিজ্ঞতার সঙ্গে নদীর পানির বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে বলে মনে করছে ঝালকাঠি মৎস্য বিভাগ। তাদের মতে, সুগন্ধা নদীর পানিতে ফাইটোপ্লাঙ্কটনের প্রাচুর্য, কম লবণাক্ততা এবং জৈব পুষ্টি উপাদানের উপস্থিতি ইলিশের স্বাদ ও গঠনে ভূমিকা রাখে।

ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদসদৃশ অণুজীব, যারা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। জলজ খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ এসব অণুজীব। মৎস্য কর্মকর্তাদের মতে, পানিতে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি ইলিশের খাদ্যপ্রাপ্তির সঙ্গে সম্পর্কিত। এছাড়া জৈব পুষ্টি উপাদান, পানির প্রবাহ ও পলির বৈশিষ্ট্যও নদীর প্রাকৃতিক পরিবেশ গঠনে ভূমিকা রাখে। সাগর থেকে মিঠাপানির সুগন্ধা নদীতে আসার পর ইলিশের স্বাদে পরিবর্তন আসার বিষয়টিও তারা উল্লেখ করেন।

গবেষণার অপেক্ষায় সুগন্ধা

সুগন্ধার ইলিশের স্বাদ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা থাকলেও এ নদীর পানি ও ইলিশের বৈশিষ্ট্য নিয়ে এখনো নির্দিষ্ট গবেষণা হয়নি। ফলে নদীর পানিতে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ কিংবা অন্যান্য উপাদানের সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খেপুপাড়া উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী বেলাল আহমেদ আমার দেশকে বলেন, যে নদীর পানিতে ফাইটোপ্লাঙ্কটন বেশি থাকে, সেখানকার ইলিশ সুস্বাদু হওয়ার সম্ভাবনা বেশি। সুগন্ধার ইলিশ যেহেতু স্বাদে অনন্য হিসেবে পরিচিত, তাই এ নদীতে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি বেশি থাকতে পারে।

তবে সুগন্ধা নদীর পানিতে প্রতি লিটারে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ কত, তা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো সুনির্দিষ্ট গবেষণা হয়নি। ফলে পানিতে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে বিষয়টি নিয়ে তথ্য পাওয়ার পর তারা নদীর পানি ও ইলিশ নিয়ে গবেষণার উদ্যোগ নেবেন।

ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক আমার দেশকে বলেন, সুগন্ধা নদীর ইলিশ স্বাদে ও গন্ধে অনন্য। এ নদীতে ইলিশের খাদ্য ফাইটোপ্লাঙ্কটনের প্রাচুর্য রয়েছে। পাশাপাশি পানির লবণাক্ততা কম এবং জৈব পুষ্টি উপাদান বেশি থাকায় এখানকার ইলিশের স্বাদ ভালো হয়।

সুগন্ধা নদীর ইলিশ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে গবেষণার উদ্যোগ নেওয়া হবে।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, সুগন্ধা নদীতে বছরে প্রায় এক হাজার ২০০ টন ইলিশ উৎপাদিত হয়। স্বাদ ও গন্ধের বিশেষ বৈশিষ্ট্যের কারণে এ নদীর ইলিশের চাহিদা দেশজুড়েই রয়েছে। তবে সেই স্বাদের পেছনে নদীর পানির কোন কোন উপাদান কতটা ভূমিকা রাখে, তা নিশ্চিত করতে প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা।

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার

সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

চট্টগ্রামে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে রাত জেগে স্বেচ্ছাসেবক দলের পাহারা

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

রাণীশংকৈলে একই জমিতে শিম-আদা চাষে ঝুঁকছেন কৃষকেরা

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত