জামালপুরে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ১০০ জন পরীক্ষার্থী। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী তিলা জামালি বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকতে দেখে বিষয়টি তার নজরে আসে। পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।
তিনি বলেন, দুই বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। কর্তৃপক্ষের একটি ভুলের কারণে আমার এ-প্লাস ক্ষতিগ্রস্ত হবে না—এর নিশ্চয়তা কে দেবে?
আরেক পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, সারা দেশের পরীক্ষার্থীরা এক ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেও আমরা ১০০ জন ভিন্ন প্রশ্নে পরীক্ষা দিয়েছি। এখন আমরা পাস করব কি না, কিংবা ভালো ফল করতে পারব কি না—সেটি নিয়েই উদ্বিগ্ন।
ঘটনার বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের কেন্দ্রসচিব ও অধ্যক্ষ মীর শওকত আলম মীর জানান, প্রতিটি প্রশ্নপত্রের বান্ডেলের উপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। তবে ৪২০২ নম্বর কক্ষের জন্য খোলা পাঁচটি বান্ডেলের ভেতরে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র ছিল।
তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে বান্ডেলের ভেতরের প্রশ্নপত্র যাচাই করার সুযোগ না থাকায় দায়িত্বরত শিক্ষকরা সেগুলো পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।
পরীক্ষা শেষে জানা যায়, এসব প্রশ্নপত্র মূলত অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ছিল।
তিনি আরও জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। বোর্ড থেকে ওই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী এবং নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে বলে বোর্ড জানিয়েছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। এদিন কেন্দ্রটিতে মোট নয়শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এএস